বারুইপুর: আর্থিক সংকটের জেরে কার্যত অচল হওয়ার মুখে বারুইপুর পুরসভার প্রশাসনিক কাজকর্ম! কর্মীদের মাসিক বেতন দেওয়া থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, এমনকী দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব সামলানোও কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস আগেই পুরসভার বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ অন্যান্য কাউন্সিলররা। তাঁদের এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে পুরসভা এলাকায়।
পুরসভা সূত্রে খবর, গত সাড়ে ছ'মাস ধরে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে পুরসভার কাজ। পর্যাপ্ত অর্থের অভাবে প্রতি মাসে কর্মচারীদের বেতন মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে। একইসঙ্গে থমকে যাচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং একাধিক প্রশাসনিক কাজ। ফলে পুরসভার স্বাভাবিক পরিষেবা বজায় রাখাই কার্যত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বোর্ডের কাছে।
শুধু আর্থিক সমস্যাই নয়, আইনি জটিলতাও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলে দাবি বোর্ডের। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই মামলার চাপেও তাঁরা জর্জরিত বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে বোর্ডের সদস্যদের মধ্যে আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পরেই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসের শেষ থেকেই পদত্যাগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। বোর্ডের বক্তব্য, এই সিদ্ধান্ত নিতে তাঁরা নিজেরাও খুশি নন। কিন্তু আর্থিক পরিস্থিতি এবং প্রশাসনিক সমস্যার কারণে তাঁদের সামনে অন্য কোনও পথ খোলা নেই।
ইতিমধ্যেই আগামী সপ্তাহে শেষ বোর্ড মিটিং ডাকার সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানানো হবে। এরপর নির্দিষ্ট দিন স্থির করে মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বোর্ডের সদস্যরা।
তাহলে এরপর কীভাবে চলবে বারুইপুর পুরসভা? নিয়ম অনুযায়ী, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত পুরসভার দায়িত্ব সামলানোর জন্য প্রশাসক নিয়োগ করা হবে। আপাতত তিন মাসের জন্য প্রশাসকের অধীনে চলতে পারে পুরসভার যাবতীয় কাজকর্ম।
তবে নির্বাচনের আগে এভাবে বোর্ডের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বারুইপুরের পুর প্রশাসন ও নাগরিক পরিষেবার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্থিক সংকট কাটিয়ে পুরসভার পরিষেবা কত দ্রুত স্বাভাবিক হয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।




