শ্রীনগর: আত্মসমর্পণের আবেদন জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাকি বলেছিল, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’ এরপরই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল লস্কর-ই-তইবার সক্রিয় কমান্ডার মহম্মদ লতিফ ভাটের। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার দেবসর এলাকার জাঙ্গালপোরায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ঘোষণা করা ১৫ লক্ষ টাকা পুরস্কার ছিল এই জঙ্গির মাথায়।
সরকারি সূত্রে খবর, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাঙ্গালপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন চালানো হয়। তল্লাশির একপর্যায়ে একটি মসজিদের ভিতরে লুকিয়ে থাকা লতিফের সন্ধান পান জওয়ানরা। এরপর গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং তাকে আত্মসমর্পণের জন্য বারবার বলা হয়।
কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি লতিফ। বরং নিরাপত্তাবাহিনীর দাবি, সে জানায়, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’ এরপরই নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাব দেয় বাহিনী। দু'পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছরের এই জঙ্গির।
কুলগামের খরেওয়ান চাদের (আশমুজি) এলাকার বাসিন্দা ছিল লতিফ। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল। ওই হামলায় তিনজন জওয়ান আহত হন। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল নিরাপত্তা সংস্থাগুলি।
তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের গোড়ার দিকে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় লতিফ। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। পরে পাকিস্তানভিত্তিক অপারেটিভ সাজ্জাদ গুলের মাধ্যমে সে লস্কর-ই-তইবা এবং তাদের সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুক্ত হয় বলে অভিযোগ।
লতিফের শিক্ষাজীবনও ছিল সাধারণ। আশমুজির সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে সে। পরে কিছুদিন কুলগাম সরকারি ডিগ্রি কলেজেও পড়েছিল। জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়ার আগে কাঠমিস্ত্রির কাজ করত বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত ১৬ নভেম্বর কুলগামের লারনু বাইপাস এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল তার সহযোগী উমর নিসার ভাটের। এরপর থেকেই লতিফকে খুঁজতে তল্লাশি আরও জোরদার করা হয়।
এদিকে, লতিফের মৃত্যুর পরেও জাঙ্গালপোরা এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা নিশ্চিত করতেই চলছে অনুসন্ধান।




