স্পোর্টস ডেস্ক: মাঠে গোলের বন্যা, আর মাঠের বাইরের বিতর্কে তোলপাড় ফুটবল মহল! প্যালেস্টাইনকে ৪-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখল ভারত। কিন্তু এই ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় অধিনায়ক দল্লালমুন গাংতের উদ্দেশে প্যালেস্টাইনের এক ফুটবলারের বিতর্কিত অঙ্গভঙ্গি। ঘটনাটিকে বর্ণবিদ্বেষমূলক বলে অভিযোগ উঠতেই এবার বড় পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
https://x.com/MayurUnfiltered/status/2122642938236932307?a=2GvlgnMR4gfo7s79NnU&s=20
এশীয় ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে ঘটনার তদন্ত এবং উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার কুয়ালালামপুরে প্রবল বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল ভারত-প্যালেস্টাইন ম্যাচ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেহরাজউদ্দিন ওয়াডুর দল। 8 মিনিটে কামগুহাও ডুয়েঙ্গেলের গোলে এগিয়ে যায় ভারত। তবে ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় প্যালেস্টাইন। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে প্রায় দু'ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ রাখতে হয়। বিরতির পর অবশ্য আরও আগ্রাসী মেজাজে মাঠে নামে ভারত। ৫২ মিনিটে মুকুন্দ সিং নিংথৌজাম, ৫৯ মিনিটে অধিনায়ক গাংতে এবং ৮৯ মিনিটে জোরামদিনথারা লালহুনমাওইয়ার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
তবে ম্যাচ চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনাই এখন বিতর্কের কেন্দ্রে। অভিযোগ, প্যালেস্টাইনের এক ফুটবলার ভারতীয় অধিনায়কের সামনে নাকের কাছে হাত নাড়িয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। সেই দৃশ্য সম্প্রচারের ফুটেজে ধরা পড়ার পরেই শুরু হয় সমালোচনা।
https://x.com/Bolipan24/status/2122813027862884381?a=pdCASb3Bqm_zhkBQQv8&s=20
বিষয়টি নিয়ে চুপ থাকেনি ভারতীয় ফুটবল ফেডারেশনও। তারা এশীয় ফুটবল সংস্থাকে জানিয়েছে, ঘটনার ভিডিয়ো ফুটেজ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। বর্ণবিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণের কোনও জায়গা ফুটবলে নেই বলেও স্পষ্ট করেছে ফেডারেশন।
এদিকে, প্যালেস্টাইনের এক ফুটবলারের বিপজ্জনক ফাউলের ঘটনায় লাল কার্ড দেখানোর ঘটনাও ম্যাচের উত্তাপ বাড়ায়। সব মিলিয়ে জয় এলেও বিতর্কের রেশ কাটছে না। এবার এশীয় ফুটবল সংস্থা এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর ফুটবল মহলের।




