নিউজ ডেস্ক:কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে আরও এক বড়সড় সাফল্যের দাবি নিরাপত্তা বাহিনীর। দীর্ঘদিন ধরে উপত্যকার বিভিন্ন এলাকায় সক্রিয় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সম্প্রতি, একাধিক হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজতে আরও জোরদার করা হয়েছিল নজরদারি। অবশেষে বুধবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগামে শুরু হয় বিশেষ অভিযান। সেই অভিযান ঘিরে সামনে এলো বড়সড় সাফল্যের খবর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কুলগামে নিরাপত্তা অভিযানে খতম হয়েছে লস্কর ই তইবার কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট। তাঁর দাবি, কাশ্মীর উপত্যকায় সক্রিয় শেষ পরিচিত স্থানীয় জঙ্গি ছিল এই লতিফ। অভিযানে জম্বু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে অংশ নেয়। নিরাপত্তা বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয়ের প্রশংসাও করেছেন তিনি।
সূত্রে খবর, বুধবার ভোরে কুলগামে তল্লাশি অভিযান চালানোর সময় একটি মসজিদে আশ্রয় নিয়েছিল লতিফ। নিরাপত্তা বাহিনীর তরফ থেকে তাঁকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও, সে তাতে রাজি হয়নি। এরপর শুরু হয় গুলির লড়াই। সেই সংঘর্ষে মৃত্যু হয় লস্কর কমান্ডারের। উল্লেখ্য, এই অভিযানের আগের দিনে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে খতম হয়েছিল তাঁর সহযোগী উমর নিসার।
অভিযুক্ত লতিফের বিরুদ্ধে একাধিক নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। ২০২৬ সালের ১১ নভেম্বর নওপোড়া আখারাম এলাকায় সিআরপিএফ এর একটি চেকপোস্টে হামলার ঘটনায় তাঁর নাম উঠে আসে। ওই হামলায় আহত হয়েছিলেন তিনজন নিরাপত্তা কর্মী। এছাড়াও জুলাই মাসের জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবল এবং দুই পরিযায়ী শ্রমিকের উপরে হামলার সঙ্গেও তাঁর যোগসূত্র থাকার অভিযোগ ছিল।
এই অভিযানের পর সমাজমাধ্যমে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন অমিত শাহ। তিনি লেখেন, "দেশ, জম্বু-কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থার সাহসী জওয়ানদের স্যালুট জানাচ্ছে।" তাঁর বক্তব্য, বাহিনী গুলির পারস্পারিক সমন্বয় ও সাহসিকতার ফলেই এই সাফল্য এসেছে। কাশ্মীরে জঙ্গি দমনে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে নিরাপত্তা মহল।




