নিউজ ডেস্ক: এনভিডিয়ার শীর্ষ পদ থেকে সরে যাওয়ার পর অবশেষে মুখ খুললেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ব্যক্তিগত জীবনে গুরুতর ভুলের কথা স্বীকার করে সংস্থার পরিচালন পর্ষদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে পরিচালন পর্ষদ চাইলে ফের সিইওর দায়িত্ব নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন হুয়াং। মঙ্গলবার সমাজমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
হুয়াং লিখেছেন, ‘গত এক সপ্তাহে বন্ধু, শিল্পক্ষেত্রের সহকর্মী এবং এমন অনেক মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত। আমার ও আমার পরিবারের পাশে দাঁড়ানো প্রত্যেককে ধন্যবাদ। এই ভালোবাসা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’
আমেরিকায় আসার ৫৩ বছরের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমেরিকার নাগরিক হওয়া আমার জীবনের অন্যতম বড় উপহার এবং গর্বের মুহূর্ত। এনভিডিয়াই আমার জীবনের কাজ। সহকর্মীদের সঙ্গে মিলে সংস্থাকে আজকের জায়গায় পৌঁছে দেওয়া আমার কাছে সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমেরিকা ছাড়া এনভিডিয়ার মতো সংস্থা গড়ে তোলা সম্ভব হত না। আমি আমাদের দেশকে ভালোবাসি, এনভিডিয়াকেও ভালোবাসি।’
নিজের ভুল স্বীকার করে হুয়াংয়ের বক্তব্য, ‘এনভিডিয়ায় প্রত্যেকের কাছ থেকে যে মানদণ্ড আশা করা হয়, আমি তা পূরণ করতে পারিনি। ব্যক্তিগত জীবনে গুরুতর ভুল করেছি। পরিচালন পর্ষদকে সমস্যায় ফেলেছি, যার জন্য আমি গভীর ভাবে অনুতপ্ত। নিজের ভুলের সম্পূর্ণ দায় নিচ্ছি। পর্ষদের স্বাধীন তদন্তে সহযোগিতা করব।’
সিইও পদে ফেরার সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, সংস্থা ছাড়ার পর কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে তাঁকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। পরিচালন পর্ষদ যদি মনে করে তাঁর প্রত্যাবর্তন সংস্থা, কর্মী, বিনিয়োগকারী ও আমেরিকার স্বার্থে ভালো হবে, তা হলে তিনি সিইও পদে ফিরতে সম্মানিত বোধ করবেন।
পরিবারের উদ্দেশে তাঁর শেষ বার্তা, ‘আমি তোমাদের ভালোবাসি। বাকি জীবনটা তোমাদের ভালোবাসার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব।’




