নিউজ ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বড়সড় বিমান হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার রাতের এই হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক। আহত হয়েছেন আরও অনেকে। অন্য দিকে, সৌদি জোটের দাবি, হামলায় বিদ্রোহীদের ৬০টি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বুধবার জানান, ইয়েমেনের রাজধানী সানা-সহ আমরান, সাদা এবং হোদেইদা প্রদেশে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রাখার জন্য পাহাড়ের ভিতরে তৈরি সুড়ঙ্গ, অস্ত্রভাণ্ডার এবং ড্রোন তৈরি ও মজুতের কারখানাগুলিকে নিশানা করা হয়েছে।
তবে হামলায় সাধারণ মানুষের প্রাণহানির অভিযোগ তুলেছে হুথিরা। বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আনিস আল-আসবাহি জানিয়েছেন, হোদেইদায় একটি স্পঞ্জ কারখানায় হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জন। সাদা প্রদেশের কিতাফ এলাকায় আর একটি হামলায় দু’জনের মৃত্যু এবং চার জন আহত হয়েছেন। রাজধানী সানায় একটি জুতো তৈরির কারখানায় হামলায় অন্তত ন’জন আহত হয়েছেন বলেও দাবি তাঁর।
এ দিকে, বুধবার ভোরে ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াধের দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন আল-মালিকি।
বাব এল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকা থেকে সৌদি-সমর্থিত বাহিনী পিছু হটার পরই এই হামলা চালানো হল। ওই এলাকা থেকে তাদের সরে যাওয়ায় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জলপথের উপর হুথিদের নিয়ন্ত্রণ আরও মজবুত হয়েছে। ফলে ইয়েমেনের সংঘাত নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।




