স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে উয়েফা। আর সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি আলেকসান্দার সেফেরিন। নিজেকে ‘আন্ডারডগ’ বা লড়াইয়ে পিছিয়ে থাকা ব্যক্তি বলে পরিচয় দিতে পছন্দ করেন স্লোভেনিয়ার এই ফুটবল প্রশাসক। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের ক্ষমতার অলিন্দে তাঁর প্রভাব ক্রমশ বাড়ছে।
আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ তথা শেষ বারের জন্য লড়াইয়ে নামার কথা ইনফান্তিনোর। তবে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে দিতে নারাজ উয়েফা। সেফেরিন নিজে ফিফা সভাপতি পদে লড়বেন না বলে আগেই জানিয়েছেন। পরিবর্তে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হিসাবে তুলে ধরেছে ইউরোপের ফুটবল সংস্থা।
গত কয়েক মাস ধরেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই প্রস্তাব কার্যকর হলে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল উয়েফা। শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা। এই ঘটনায় সেফেরিনের নেতৃত্বাধীন উয়েফার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন ফুটবল প্রশাসনের পর্যবেক্ষকেরা।
২০০১ সালে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করা সেফেরিন ২০১৬ সালে উয়েফার সভাপতি হন। এর আগে স্লোভেনিয়ার ফুটবল ফেডারেশনের প্রধান ছিলেন তিনি। ইউরোপীয় সুপার লিগের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০২১ সালে দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতাতেও কনমেবলকে পাশে পেয়েছিল উয়েফা।
সেফেরিনের নিজের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। ২০২৪ সালে উয়েফার নিয়মে পরিবর্তনের ফলে চতুর্থ বার সভাপতি নির্বাচনে দাঁড়ানোর পথ তৈরি হয় তাঁর সামনে। এই সিদ্ধান্তের সমালোচনা করে পদত্যাগ করেছিলেন ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলার জভোনিমির বোবান।
এবার ফিফার নেতৃত্ব বদলের লড়াইয়ে সেফেরিনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, সেটাই দেখার। আগামী ১৮ মার্চ ২০২৭, মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা।




