স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এবার আর ভুল করার সুযোগ নেই ভারতের সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ কার্যত অগ্নিপরীক্ষা হতে চলেছে শুভমন গিলের দলের কাছে। বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানো যে মোটেই সহজ হবে না, তা ভালই জানে ভারতীয় শিবির। তার উপর প্রথম দু’দিন পিচে ঘাসের আস্তরণ এবং ওয়েলিংটনের প্রবল হাওয়া ভারতীয় ব্যাটারদের সামনে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে অধিনায়ক হিসেবে শুভমনের কৌশল এবং চাপ সামলানোর ক্ষমতারও পরীক্ষা হতে চলেছে এই সিরিজে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে বাকি সাতটি টেস্টের মধ্যে অন্তত ছ’টিতে জিততে হবে ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই ম্যাচে জয় পেলে ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন শুভমন। তাই সিরিজের গুরুত্ব যে কতটা, তা সহজেই অনুমেয়।
ভারতের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে ব্যাটিং বিভাগে। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের উচ্চতা ছ’ফুট আট ইঞ্চি, জ্যাকব ডাফির ছ’ফুট পাঁচ ইঞ্চি। পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ ম্যাট হেনরি। তাঁদের গতি ও বাউন্স সামলাতে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পাড়িক্কল এবং ঋষভ পন্থকে বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে সবুজ পিচে প্রথম দু’দিন ব্যাটারদের ধৈর্যের পরীক্ষা নেবে কিউয়ি পেস আক্রমণ।
অন্যদিকে, ভারতীয় দল চারজন পেসার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে নীতীশ কুমার রেড্ডির প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জসপ্রীত বুমরাহর খেলা প্রায় নিশ্চিত। তবে মহম্মদ সিরাজের সাম্প্রতিক ফর্ম চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। তাঁর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভাল ছন্দে থাকা অংশুল কম্বোজ এবং আকাশ দীপকেও অনুশীলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ড শিবিরেও রয়েছে শক্তিশালী ক্রিকেটার। উইল ইয়ংয়ের ফর্মে ফেরা এবং চোট সারিয়ে রাচিন রবীন্দ্রের প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের মতো অলরাউন্ডারও রয়েছেন দলে। অধিনায়ক টম লাথামের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকলেও ঘরের মাঠে কিউয়িরা যে যথেষ্ট শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না।
সব মিলিয়ে প্রথম টেস্টে টস থেকে শুরু করে পেসার নির্বাচন, প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুভমনের কাছে। প্রথম দু’দিনের সবুজ পিচে সুবিধা নিতে পারবে কোন দল, আর শেষ পর্যন্ত চাপের মুখে কারা নিজেদের স্নায়ু ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার।




