বিশেষ প্রতিবেদন: যোগিন্দর শর্মাকে মনে আছে? হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত তিনি। ২০০৭ সালের অক্টোবরে হরিয়ানা সরকার তাঁকে এই বিশেষ সম্মান দেয়। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে সক্রিয়ভাবে তিনি পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছেন। প্রশ্নের উত্তর পেলেন? নাকি প্রশ্নটাই ঠিক ছিল না? দেখুন তো, এবার কিছু মনে পড়ছে কি না।
সালটা ২০০৭। টি-টোয়েন্টি ক্রিকেট তখন সদ্যোজাত। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক ম্যাচ জিতে ভারত গেল ফাইনালে। ২৪ সেপ্টেম্বর। ফাইনালে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে ভারত তোলে ৫ উইকেটে ১৫৭ রান। চ্যালেঞ্জিং স্কোর। জবাবে পাকিস্তান একের পর উইকেট হারিয়েও জয়ের কাছাকাছি পৌঁছে যায়। শেষ ওভার। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ১ উইকেট। উইকেটে তখনও টিকে মিসবাহ-উল-হক।
এই পরিস্থিতিতে যে কোনও অধিনায়কই ভরসা করবেন দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারের উপর। কিন্তু এ কী! হরভজন সিংয়ের বদলে ভারতের অধিনায়ক বল তুলে দিলেন আনকোরা এক মিডিয়াম ফাস্ট বোলারের হাতে। কাছে গিয়ে বলেও এলেন, জিতলে কৃতিত্ব বোলারের, হারলে দায় অধিনায়কের। চাপের মুখে বোলারের প্রথম বলই ওয়াইড। এ কেমন সিদ্ধান্ত অধিনায়কের? সমালোচনা শুরু করে দিয়েছেন কোটি কোটি ভারতীয় সমর্থক। প্রথম বল বৈধ বলে হল না কোনও রান। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন মিসবাহও।
দ্বিতীয় বলেই লং-অফের উপর দিয়ে বিশাল ছক্কা। ৪ বলে প্রয়োজন ৬ রান। রাগে গজগজ করছেন ভারতীয়রা। তৃতীয় বলের জন্য ছুটলেন বোলার। স্লোয়ার বল শর্ট ফাইন-লেগের উপর দিয়ে স্কুপ করলেন মিসবাহ। বল উড়ে গেল। তবে কোনও ভুল করলেন না ঠিক ওই জায়গাতেই দাঁড়ানো শ্রীসন্থ। আউট! মিসবাহ-উল-হক গন। সেইসঙ্গে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। শেষ ওভারে বল করা বোলারের নাম যোগিন্দর শর্মা। আর অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকায় দল পাঠিয়েছিল ভারত। টুর্নামেন্ট শুরুর আগে ভারত মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। প্রত্যাশা ছিল, তবে কম। তবে এরপর শুধুই রোমাঞ্চ। এখনকার ভাষায়, বিশ্ব ক্রিকেটে 'ধোনি এরা'। ধোনির নেতৃত্বে ভারত বিশ্ব ক্রিকেটে সোনালি অধ্যায় রচনা করে।
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক, যিনি আইসিসি-র সীমিত ওভারের তিনটি প্রধান শিরোপাই জয় করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন। ২০০৯-এ ধোনির অধিনায়কত্বে ভারত প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে। এছাড়াও তাঁর নেতৃত্বে ২০১০ ও ২০১৬-র এশিয়া কাপ এবং ২০০৮-০৯, ২০১০ ও ২০১২-১৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত।
এ তো গেল অধিনায়ক ধোনির কথা। কিন্তু, আমাদের ধোনি? আমাদের মাহি? আমরা যারা নিজেদের জেন-জি বলি, একসময় বড় বড় চুল রাখার স্টাইল কপি করতাম যে মানুষটাকে দেখে, তার নাম ধোনি। প্রবল চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত ছিল যে মানুষটা, তার নাম ধোনি। হেলিকপ্টার (ধোনির প্রিয় ও 'হেলিকপ্টার শট') যে মাঠের মধ্যেও চালানো যায়, তার উদাহরণ যে মানুষটা বারবার দিয়েছেন, তার নাম ধোনি। রানিং বিটুইন দ্য উইকেট-এ যাকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি, তার নাম ধোনি। বিশ্ব ক্রিকেটে দ্রুততম স্টাম্পিং (০.০৮ সেকেন্ড) যার যার দখলে, তার নাম ধোনি।
ক্রিকেটে ধোনি শুধু একটা নাম নয়, একটা যুগ। বিতর্ক তাঁকে দমাতে পারেনি। বয়স তাঁকে থামাতে পারেনি। চাপ তাঁকে টলাতে পারেনি। ভারত তথা বিশ্ব ক্রিকেটের আরেক দিগ্গজ সুনীল গাভাসকর একসময় ধোনিকে বলেছিলেন, ‘জীবনের অন্তিম মুহূর্তেও আমি তোমার বিশ্বকাপ জেতানো ছক্কাটা দেখতে চাই।’
১৭ ডিসেম্বর ২২ গজকে বিদায় জানিয়েছেন। ইনস্টায় অনেক ছবির সঙ্গে সেই গানটাই দিয়েছেন, যেটা দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দিনেও। ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’। ৭ নম্বর জার্সিটা এবার হয়তো বিশ্রাম নেবে। তবে, ‘পল দো পল কা’ নয়, ‘থালা ফরএভার’ আমাদের জীবনের ‘৭-এ পাঁচে’ মিশে থাকবেন।




