নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে তিনি প্রাক্তন এই আধিকারিকের উদ্দেশ্যে পাঁচটি সুনির্দিষ্ট প্রশ্ন ছুড়ে দিয়েছেন। পোস্টে মহুয়া মৈত্র দাবি করেছেন, সুপ্রিম কোর্টের অন্দরে এবং বাইরে মনোজ আগরওয়ালকে এই প্রশ্নগুলির জবাব দিতে হবে।
সাংসদের পোস্টের মূল বিষয়বস্তু হলো রাজ্যের আপিল ট্রাইব্যুনালগুলিতে দায়ের হওয়া কিছু নির্দিষ্ট আবেদন। বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা তার আধিকারিকদের তরফে যে আপিলগুলি করা হয়েছিল, তার স্বচ্ছতা নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন তিনি।
মহুয়া মৈত্র তাঁর পোস্টে যে পাঁচটি বিষয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন, সেগুলি হল
প্রথমত, বিচারবিভাগীয় আধিকারিকদের দেওয়া নাম অন্তর্ভুক্তির নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা কমিশনের কোনো আধিকারিকের নামে বাংলার আপিল ট্রাইব্যুনালগুলিতে মোট কতগুলি আপিল দায়ের করা হয়েছিল? ঠিক কোন সময়কালের মধ্যে এই আবেদনগুলি জমা পড়েছিল, তা-ও জানাতে বলা হয়েছে।
https://x.com/MahuaMoitra/status/2122580020527034456?a=gxeSYYiak-Onwop31vE&s=08
দ্বিতীয়ত, এই আপিলগুলিতে আবেদনকারীদের পরিচয় বা বিবরণ কী হিসেবে উল্লেখ করা হয়েছিল? বিশেষ করে, আবেদনকারীদের ‘ভারতের নির্বাচন কমিশন’ হিসেবে বর্ণনা করা হয়েছিল কি না, তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।
তৃতীয়ত, এই আপিলগুলি করার সিদ্ধান্ত কোন আধিকারিকরা নিয়েছিলেন এবং কারা সেগুলিতে স্বাক্ষর বা দায়ের করেছিলেন, তাঁদের প্রত্যেকের নাম ও পদমর্যাদা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, কোন ক্ষমতাবলে বা কোন নির্দেশিকার ভিত্তিতে ওই আধিকারিকরা এই পদক্ষেপ করার অধিকার পেয়েছিলেন, তার নথিও চিহ্নিত করতে বলা হয়েছে।
চতুর্থত, নাম অন্তর্ভুক্তির কোন নির্দেশগুলির বিরুদ্ধে আপিল করা হবে, তা বাছাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি কোনো নির্দেশিকা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা মাপকাঠি তৈরি করেছিল? নাকি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক বা অন্য কোনো কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশ দিয়েছিলেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
পঞ্চমত, দায়ের হওয়া ওই আপিলগুলির বর্তমান অবস্থা কী? অর্থাৎ, কতগুলি মামলা বিচারাধীন রয়েছে, কতগুলি গৃহীত হয়েছে, কতগুলি খারিজ হয়েছে এবং কতগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে,তার প্রতিটি বিভাগের আলাদা পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া, এই আপিলগুলি চালিয়ে যাওয়া হবে নাকি প্রত্যাহার করা হবে, সে বিষয়ে কমিশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা-ও জানতে চেয়েছেন সাংসদ।
নিজের এক্স হ্যান্ডেলে এই প্রশ্নগুলি তুলে ধরে প্রাক্তন সিইও-র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মহুয়া মৈত্র। এখন এই বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট মহলের তরফে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




