নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অনলাইন প্রতারণা চক্র বা স্ক্যাম সেন্টারগুলির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পক্ষে সওয়াল করল ভারত। একই সঙ্গে এই অপরাধচক্রের শিকার মানবপাচারের ভুক্তভোগীদের উদ্ধার, সুরক্ষা এবং নিরাপদে দেশে ফেরানোর উপরও জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলায় আয়োজিত ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইস্ট এশিয়া সামিট) এই বিষয়ে যৌথ বিবৃতি গ্রহণ করেন সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যৌথ বিবৃতিতে অনলাইন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করা আন্তর্জাতিক অপরাধচক্রগুলির ক্রমবর্ধমান বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই অপরাধ মোকাবিলায় বিভিন্ন দেশের পুলিশ, আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ সংস্থাগুলির মধ্যে তথ্য আদানপ্রদান, যৌথ তদন্ত এবং প্রতারণার অর্থ উদ্ধার করার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
ভারতের ক্ষেত্রে বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভুয়ো চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে বহু ভারতীয়কে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে গিয়ে সাইবার প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে। সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে কম্বোডিয়া, লাওস এবং মায়ানমারের সাইবার অপরাধকেন্দ্রগুলি থেকে ৬,৯৯৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালের মার্চে মায়ানমার-থাইল্যান্ড সীমান্তের কাছে এমন কেন্দ্র থেকে ৫৪৯ জন ভারতীয়কে দেশে ফিরিয়েছিল ভারত।
অপরাধচক্রগুলি সাধারণত ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের মানুষকে পাচার করে। তার পর তাঁদের দিয়ে রোম্যান্স স্ক্যাম এবং বিনিয়োগের নামে অনলাইন প্রতারণা করানো হয়। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, ফিলিপিন্স এবং মালয়েশিয়ায় এমন প্রতারণা কেন্দ্রের অস্তিত্বের খবর মিলেছে।
যৌথ বিবৃতিতে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত, সুরক্ষা, দ্রুত দেশে ফেরানো এবং পুনর্বাসনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁরা যাতে ফের অপরাধচক্রের শিকার না হন, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বাজেয়াপ্ত ও উদ্ধারে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
ডিজিটাল পরিষেবায় পরিচয় যাচাই, নিরাপদ প্রমাণীকরণ ব্যবস্থা এবং প্রতারণা শনাক্ত করার প্রযুক্তি ব্যবহারের উপরও জোর দিয়েছেন রাষ্ট্রনেতারা। সাধারণ মানুষের মধ্যে সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথাও বলা হয়েছে। একই সঙ্গে এই অপরাধ মোকাবিলায় মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং আইনের শাসন বজায় রাখার বিষয়ে ঐকমত্য হয়েছে।




