নিউজ ডেস্ক: দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যেমন কঠিন, তেমনই সেই খেতাব ধরে রাখার লড়াইও যথেষ্ট কঠিন। তবে বিশ্ব দাবার ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যেখানে বোর্ডে শেষ চাল না দিয়েই হাতবদল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট। কখনও চিঠি লিখে প্রতিপক্ষকে খেতাব ছেড়ে দিয়েছেন চ্যাম্পিয়ন, কখনও আবার নিয়ম নিয়ে মতবিরোধের জেরে ম্যাচেই নামেননি বিশ্বসেরা। আবার দীর্ঘ পাঁচ মাসের লড়াই শেষ হয়েছে কোনও বিজয়ী ছাড়াই। আগামী সপ্তাহে জেনেভায় মুখোমুখি হতে চলেছেন ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের জাভোখির সিনদারভ। দু’জনেরই বয়স ২০ বছর। তাঁদের ম্যাচ হতে চলেছে বিশ্ব দাবার ইতিহাসে সবচেয়ে কমবয়সি বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াই। তার আগে ফিরে দেখা যাক এমনই কয়েকটি বিস্ময়কর ঘটনা।
১৯২১ সালে বিশ্বচ্যাম্পিয়ন ইমানুয়েল লাস্কারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন জোসে রাউল কাপাব্লাঙ্কা। ১৪টি খেলার পর কাপাব্লাঙ্কা ৯-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন। একটিও ম্যাচ জিততে পারেননি লাস্কার। শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতা এবং হাভানার প্রতিকূল আবহাওয়ার কথা জানিয়ে চিঠি লিখে ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। এর ফলে ১৮৯৪ সাল থেকে টানা ২৭ বছর বিশ্বচ্যাম্পিয়ন থাকার পর খেতাব হারান লাস্কার।
১৯২৭ সালে কাপাব্লাঙ্কার সঙ্গেও ঘটে একই ধরনের ঘটনা। আলেকজান্ডার আলেখিনের বিরুদ্ধে ৭৩ দিন ধরে চলা বিশ্বচ্যাম্পিয়নশিপের ৩৪তম খেলা আর শেষ করতে চাননি তিনি। প্রতিপক্ষকে চিঠি লিখে খেলা ছেড়ে দেওয়ার পাশাপাশি আলেখিনকে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানান।
১৯৭৫ সালে ববি ফিশারও কোনও ম্যাচ না খেলেই বিশ্বখেতাব হারান। আনাতোলি কারপভের বিরুদ্ধে ম্যাচের নিয়ম নিয়ে আন্তর্জাতিক দাবা সংস্থার সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি খেতাব রক্ষার লড়াইয়ে নামতে অস্বীকার করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বচ্যাম্পিয়ন ঘোষিত হন কারপভ।
এরপর ১৯৮৪ সালে কারপভ ও গ্যারি কাসপারভের লড়াই টানা পাঁচ মাস ধরে চলে। ৪৮টি খেলার পরেও মীমাংসা হয়নি ম্যাচের। কারপভ ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকলেও কাসপারভ ঘুরে দাঁড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত আন্তর্জাতিক দাবা সংস্থার সভাপতি বিতর্কিতভাবে ম্যাচ বাতিল করেন। পরের বছর পুনরায় আয়োজিত লড়াইয়ে কারপভকে হারিয়ে ২২ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হন কাসপারভ।
অন্যদিকে, ২০২২ সালে প্রায় এক দশক বিশ্বচ্যাম্পিয়ন থাকার পর নিজেই খেতাব রক্ষার লড়াই থেকে সরে দাঁড়ান ম্যাগনাস কার্লসেন। চারবার সফলভাবে খেতাব রক্ষা করা নরওয়ের এই তারকা জানান, বিশ্বচ্যাম্পিয়নশিপের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মতো ছিল না।
এবার গুকেশ ও সিনদারভের লড়াইয়ে নতুন ইতিহাস তৈরির অপেক্ষা। তবে দাবার ইতিহাস মনে করিয়ে দেয়, বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতার মতোই কঠিন সেটি ধরে রাখা।




