নিউজ ডেস্ক: বাবা বীরেন্দ্র সেহবাগ। ভারতীয় ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন, নির্ভীক মানসিকতা এবং বড় রান করার ক্ষমতা একসময় আতঙ্ক তৈরি করত প্রতিপক্ষের মনে। এবার সেই সহবাগের পথেই হাঁটতে শুরু করেছেন ছেলে আর্যবীর সহবাগ। মাত্র ১৯ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টে ৩৬১ রান, গড় ৯০.২৫। শুধু রান নয়, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ৬১ বলে ৫৮ রানের ইনিংস খেলে জিতেছেন সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার। বাবার সঙ্গে ভিডিও কলে সেই সাফল্য ভাগ করে নেওয়ার মুহূর্তটি ছিল তাঁর কাছে বিশেষ আবেগের।
ছেলের ব্যাটিংয়ে ইতিমধ্যেই বাবার ছাপ দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে কভার ড্রাইভ এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরন মনে করিয়ে দিচ্ছে বীরুকে। তবে আর্যবীরের নিজস্ব কিছু গুণও রয়েছে, যা তাঁকে আলাদা করে তুলছে। মাত্র ১১ বছর বয়সে দিল্লির বিখ্যাত সনেট ক্রিকেট ক্লাবে প্রশিক্ষণ শুরু করেন তিনি। এই ক্লাব থেকেই উঠে এসেছেন আশিস নেহরা, শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থের মতো ক্রিকেটার।
আর্যবীরের কোচ দেবেন্দ্র শর্মার মতে, ছোটবেলায় তাঁর ব্যাটিংয়ের ধরন অনেকটাই বাবার মতো ছিল। দু’জনের মধ্যে আগ্রাসী মানসিকতার মিল থাকলেও আর্যবীরের পায়ের কাজ এবং ধৈর্য বিশেষভাবে প্রশংসনীয়। তিনি আগে থেকে শট ঠিক করে রাখেন না, বরং বলের গুণাগুণ বুঝে খেলেন। পরিস্থিতি অনুযায়ী ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর। কোচের আশা, আগামী দিনে বাবার সাফল্যকেও ছাপিয়ে যেতে পারেন এই তরুণ।
তবে সেহবাগ-পুত্র বলে কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না আর্যবীর। কোচের কাছে তিনি অন্য তরুণ ক্রিকেটারদের মতোই। ভুল করলে শাসনও জোটে। ছেলের ক্রিকেটজীবনে বীরেন্দ্র সেহবাগও বিশেষ হস্তক্ষেপ করেন না। দুই বছর আগে কোচবিহার ট্রফিতে ২৯৭ রান করেও বাবার প্রতিশ্রুত ফেরারি গাড়ি পাননি তিনি। অর্থাৎ সাফল্যের জন্য কোনও শর্টকাট নেই।
দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাজীব নয়ারও আর্যবীরের প্রতিভায় মুগ্ধ। তবে তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনার জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। চার-ছক্কার পাশাপাশি সিঙ্গলস নেওয়ার গুরুত্ব বুঝিয়েছেন। সেই পরামর্শ মেনেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আর্যবীর। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
এবার সামনে লাল বলের ক্রিকেটের পরীক্ষা। কোচবিহার ট্রফিতে পাঁচটি ম্যাচ খেলার কথা তাঁর। কোচ রাজীবের আশা, সেখানে ৭০০ থেকে ৮০০ রান করতে পারবেন এই তরুণ। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটের জন্য অপেক্ষা না করিয়ে দ্রুত সিনিয়র পর্যায়ের ক্রিকেটে সুযোগ দেওয়ার পক্ষেও তিনি। এমনকী ভবিষ্যতে আইপিএলের দরজাও খুলে যেতে পারে আর্যবীরের সামনে। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের নাম প্রতিষ্ঠা করাই এখন তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




