স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আলোচনা মানেই তাঁর ঠান্ডা মাথা, ম্যাচ জেতানোর ক্ষমতা আর অসাধারণ নেতৃত্বের গল্প। কিন্তু সাজঘর, অনুশীলন শিবির এবং মাঠের বাইরে তাঁকে কাছ থেকে দেখা সতীর্থ ও কোচদের স্মৃতিতে উঠে এসেছে আরও কিছু অজানা ঘটনা। তাঁদের চোখে ধোনি শুধু সফল অধিনায়ক নন, এমন এক ক্রিকেটার, যিনি অল্প কথায় সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারেন। ২০১০ সালের আইপিএলে ধরমশালায় চেন্নাই সুপার কিংসের শেষ লিগ ম্যাচের কথা মনে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। ইরফান পাঠানের বলে চার বলে একটি চার ও দু’টি ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন ধোনি। সেই জয়ে চেন্নাই সেমিফাইনালে পৌঁছেছিল। শেষ ছক্কা মেরে হেলমেটে ঘুষি দিয়ে গর্জন করেছিলেন ধোনি। অশ্বিনের মতে, সেই সন্ধ্যাতেই ধোনি ও চেন্নাই দলের সম্পর্ক আরও গভীর হয়েছিল।
২০১৮ সালে চেন্নাইয়ের অনুশীলন শিবিরে প্রতিক্রিয়ার গতি মাপার একটি যন্ত্রে ধোনির দক্ষতা দেখে অবাক হয়েছিলেন প্রাক্তন প্রশিক্ষক রামজি শ্রীনিবাসন। টানা এক মিনিট ধরে ধোনি ০.৩ সেকেন্ডের প্রতিক্রিয়ার সময় ধরে রেখেছিলেন। দু’বার পরীক্ষা করেও একই ফল মেলে। অথচ ধোনি তাঁকে শুধু জিজ্ঞাসা করেছিলেন, “এটা কি ঠিক আছে?” রামজির মতে, এমন প্রতিক্রিয়ার গতি সূত্র ফর্মুলা ওয়ানের চালকদের মতো।
চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার কে বি অরুণ কার্তিক জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও ধোনির নির্দিষ্ট দর্শন ছিল। কোনও পরামর্শ ১৫ সেকেন্ডের মধ্যে দিতে হবে, আর কঠিন আলোচনা শেষ করতে হবে ৫০ সেকেন্ডে। বেশি কথা বললে ক্রিকেটাররা অতিরিক্ত ভাবতে শুরু করেন বলে মনে করতেন তিনি। ম্যাচ দেখার সময় পরের বল কী হতে পারে, তা অনুমান করতেন ধোনি। ছয়টির মধ্যে অন্তত পাঁচটি অনুমান মিলে যেত।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন সহকারী কোচ জেমস প্যামেন্ট দেখেছেন, কীভাবে সহজভাবে ঈশান কিষাণকে উইকেটকিপিংয়ের কৌশল বুঝিয়েছিলেন ধোনি। জয়দেব উনাদকাটের কথায়, মাঠে হাতের ইশারাতেই বোলারদের নিখুঁত নির্দেশ দিতেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মাকে আউট করার পরিকল্পনায় ধোনির পরামর্শ কাজে এসেছিল।
নেট বোলার মুকেশ চৌধুরীর নাম মনে রেখেছিলেন ধোনি। তাঁকে বুঝিয়েছিলেন, দলে সুযোগ না পেলেও নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করা উচিত নয়। তুষার দেশপাণ্ডেকেও আত্মবিশ্বাস জুগিয়েছিলেন তিনি। সেই ভরসার ফল, ২০২৩ ও ২০২৪ সালে চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি হন তুষার।
প্রাক্তন সতীর্থ বিদ্যুৎ শিবরামকৃষ্ণাণের মতে, ধোনি কম কথা বলতেন, কিন্তু তাঁর পরামর্শ অধিকাংশ সময়েই কাজে লাগত। আর প্রাক্তন কোচ এরিক সিমন্সের চোখে, বিশ্বকাপ জেতা কিংবা আইপিএলে খারাপ সময়— কোনও কিছুই ধোনির ব্যক্তিত্ব বদলাতে পারেনি। জয়ের শিখরেও তিনি যেমন ছিলেন, ব্যর্থতার সময়েও তেমনই থেকেছেন।




