নিউজ ডেস্ক : দলছুট হাতিকে বনে ফেরাতে গিয়ে তুমুল গণ্ডগোলে জড়ালেন বনকর্মীরা। গ্রামবাসীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি, আর শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ছোড়া রাবার বুলেটে জখম হলেন পাঁচ জন স্থানীয় বাসিন্দা। পালটা গ্রামবাসীদের মারধরে আহত হয়েছেন এক বনকর্মীও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে অসমের হোজাই জেলার দিঘালবাড়ি যোগিমুখ এলাকায়। এই ঘটনায় সরকারি কর্মীদের কাজে বাধা ও হামলার অভিযোগে এখনও পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, সোমবার সকাল থেকেই গারকাপ্তানি রোডের আশপাশে একটি হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। নিজের চেনা করিডর ছেড়ে প্রায় দশ কিলোমিটার দূরে জনবসতির খুব কাছে চলে এসেছিল সেটি। বড়সড় বিপদ এড়াতে রাতে হাতিটিকে দিঘালবাড়ি বনাঞ্চলে ফেরানোর তোড়জোড় শুরু করেন বনকর্মীরা।
অন্ধকার নামতেই মশাল ও বাজি-পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়ানোর কাজ শুরু হয়। বুনো হাতি দেখার কৌতূহলে ততক্ষণে আশপাশের প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বাজির শব্দে হাতিটি ভয় পেয়ে জঙ্গলে ঢোকার বদলে আচমকা ঘুরে দাঁড়িয়ে তেড়ে আসার উপক্রম করে। বিপদ বুঝে হাতিটিকে ছত্রভঙ্গ করতে সেটিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন বনকর্মীরা। কিন্তু অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই বুলেট গিয়ে লাগে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসীর গায়ে।
রক্তাক্ত অবস্থায় পাঁচ জন মাটিতে লুটিয়ে পড়তেই মুহূর্তে বদলে যায় এলাকার ছবিটা। গ্রামবাসীদের অভিযোগ, ভিড় সরানোর জন্য আগাম কোনও সতর্কবার্তা না দিয়েই এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। ক্ষোভে ফেটে পড়া জনতা এরপর বনকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে। উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হন আনোয়ার হোসেন নামে এক বনকর্মী।
খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম পাঁচ গ্রামবাসী ও ওই বনকর্মীকে উদ্ধার করে তড়িঘড়ি হোজাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার সাফাই দিয়ে হোজাইয়ের এক পদস্থ বনকর্তা জানান, হাতিটি আচমকা আক্রমণাত্মক হয়ে ওঠায় এবং জনতা অতি উৎসাহে খুব কাছে চলে আসায় বড় দুর্ঘটনা রুখতেই রাবার বুলেট ছুড়তে হয়েছিল। দুর্ভাগ্যবশত তা গ্রামবাসীদের গায়ে লেগে যায়।
অন্যদিকে, বনকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে রাতেই তল্লাশি চালিয়ে আট জনকে পাকড়াও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।




