স্পোর্টস ডেস্ক: আইনি প্রক্রিয়া এড়াতে নয়, প্রাণনাশের আশঙ্কাতেই ২০১০ সালে ভারত ছেড়েছিলেন তিনি। এমনই দাবি করলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। তাঁর বক্তব্য, ভারত ছাড়ার তিন দিন আগে কোনও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই তাঁর সশস্ত্র পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। সেই সময় আন্ডারওয়ার্ল্ডের তরফে তাঁর প্রাণনাশের বিশ্বাসযোগ্য হুমকি ছিল বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগ তুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ললিত।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন আইপিএলের প্রাক্তন কমিশনার। তিনি লেখেন, ‘২০১০ সালে আন্ডারওয়ার্ল্ডের তরফে আমার প্রাণনাশের বিশ্বাসযোগ্য হুমকি ছিল। আমার সশস্ত্র পুলিশি নিরাপত্তা কোনও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই প্রত্যাহার করে নেওয়ার তিন দিন পর আমি ভারত ছেড়েছিলাম। দেশ ছাড়ার সময় আমার বিরুদ্ধে কোনও এফআইআর ছিল না।’
ললিতের দাবি, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। এ বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) লেখা একটি চিঠিতে মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনারও বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে দাবি তাঁর। পরবর্তী সময়ে ইডির উদ্যোগে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করা হলেও দিল্লি হাই কোর্ট ২০১৪ সালে সেই সিদ্ধান্ত খারিজ করে পাসপোর্ট ফিরিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ তাঁর ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ঘটনাকে ভারত থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত করছে বলে অভিযোগ করেছেন ললিত। তাঁর বক্তব্য, এই ধরনের খবরের ভিত্তিই সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ এমন ভাবে বিষয়টি তুলে ধরছে, যেন আমি অভিযোগ এড়াতে দেশ ছেড়েছিলাম এবং এখন ভারত আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই প্রতিবেদনের সম্পূর্ণ ভিত্তিই মিথ্যা।’ তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি।
নিজের বিরুদ্ধে কোনও চার্জশিট জমা পড়েনি বলেও দাবি করেছেন ললিত। তাঁর কথায়, গত ১৬ বছরেরও বেশি সময়ে ভারতের কোনও আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়নি এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনও ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়াও শুরু হয়নি। তবে ২০১০ সালের অক্টোবরে চেন্নাইয়ে তৎকালীন বিসিসিআই সচিব এন শ্রীনিবাসনের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছিল বলে স্বীকার করেছেন তিনি।
ললিতের দাবি, আইপিএল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ওই অভিযোগ করা হয়েছিল। তাঁর অভিযোগ, বিসিসিআই পদাধিকারী, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং চেন্নাই সুপার কিংসের মালিক—একই সঙ্গে একাধিক পদে থাকার কারণে শ্রীনিবাসনের স্বার্থের সংঘাত নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। তারই প্রতিশোধ নিতে ওই অভিযোগ করা হয় বলে দাবি ললিতের। উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট শ্রীনিবাসনের স্বার্থের সংঘাতের বিষয়টি উল্লেখ করে তাঁকে বিসিসিআইয়ের পদে থাকার অযোগ্য ঘোষণা করেছিল বলে নিজের বিবৃতিতে উল্লেখ করেছেন ললিত।
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়েও নিজের অবস্থান জানিয়েছেন ললিত। তিনি বলেন, ‘২০১০ সাল থেকেই ব্রিটেন আমার বাড়ি। ব্রিটিশ কর্তৃপক্ষ আমার পরিস্থিতি খতিয়ে দেখার পর বহু বছর আগেই আমাকে সেখানে থাকার অনুমতি দিয়েছিল। পরবর্তী সময়ে নিয়ম মেনে নাগরিকত্বের আবেদন করি। ২০২৬ সালের জুলাইয়ে ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর আমার আবেদন অনুমোদন করে।’ সব শেষে ললিতের বক্তব্য, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তিনি গর্বিত এবং গত ১৬ বছরেরও বেশি সময় ধরে যে দেশ তাঁকে আশ্রয় দিয়েছে, সেই ব্রিটেনের প্রতি তিনি কৃতজ্ঞ।




