নিউজ ডেস্ক: কর্তব্যরত অবস্থায় সামান্য অসাবধানতাই ডেকে এনেছিল বড়সড় বিপত্তি। টহলদারির সময় অজান্তেই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের তৎপরতায় এবং ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই জওয়ানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মেঘালয়ের জোয়াই এলাকার আন্তর্জাতিক সীমান্তে, যার ঠিক উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের সিলেট জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই সীমান্তবর্তী অঞ্চলে দু’দেশেরই পর্যটকদের বেশ আনাগোনা থাকে। জানা গিয়েছে, মঙ্গলবার সেখানেই ডিউটিতে ছিলেন ওই বিএসএফ জওয়ান। টহল দেওয়ার সময় কোনওভাবে দিকভ্রষ্ট হয়ে তিনি সীমান্তের ওপারে চলে যান। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় বিজিবি এবং ওই জওয়ানকে আটক করা হয়।
https://x.com/MeghUpdates/status/2122701766546632742?a=dO-a_ekhtxTXKzRHxNg&s=08
ইতিমধ্যেই এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ফুটেজে দেখা যাচ্ছে, সশস্ত্র অবস্থায় থাকা ওই ভারতীয় জওয়ানকে ঘিরে রয়েছেন বিজিবির দুই জওয়ান এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা। সেই সময় ভারতীয় জওয়ানটির কাঁধে একটি ইনসাস রাইফেল, একটি পাম্প-অ্যাকশন বন্দুক এবং হাতে ওয়াকিটকি ছিল। ভিডিওতে বিজিবি কর্মীদের একটি মোটরবাইকে চাপিয়ে তাঁকে সেখান থেকে নিয়ে যেতেও দেখা যায়।
ঘটনার খবর কানে পৌঁছাতেই নড়েচড়ে বসেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা। সহকর্মীকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্থির হয় ফ্ল্যাগ মিটিংয়ের। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’পক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠকের পর বিজিবি ওই জওয়ানকে মুক্তি দেয় এবং তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। দেশে ফেরার পর নিয়মমাফিক ওই জওয়ানের শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করেছে বাহিনী।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। পূর্ব ভারতের এই সুদীর্ঘ সীমান্ত পাহারা দেওয়ার কঠিন দায়িত্ব সামলায় বিএসএফ। সীমান্তের অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে বেশ কিছু এলাকা এখনও উন্মুক্ত অবস্থায় রয়েছে। ফলে ওই সব অঞ্চলে টহলদারির সময় জওয়ানদের বাড়তি সতর্ক থাকতে হয়।
প্রাথমিক তদন্তের পর আধিকারিকরা একে নিছকই ‘অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম’ বলে ব্যাখ্যা করেছেন। তবে সশস্ত্র অবস্থায় একজন কর্তব্যরত জওয়ানের এভাবে ভিনদেশের ভূখণ্ডে ঢুকে পড়া এবং আটক হওয়ার ঘটনায় সীমান্তের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।




