নিউজ ডেস্ক: জাপান সফরের প্রথম দিনেই প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আরও বাড়ানোর বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার টোকিয়োয় জাপানের প্রতিরক্ষা মন্ত্রকে তাঁকে দেওয়া হল আনুষ্ঠানিক গার্ড অফ অনার। এর পর জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিকে সঙ্গে নিয়ে ইয়োকোসুকায় গিয়ে সে দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজও পরিদর্শন করেন তিনি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, ইয়োকোসুকার ফুনাকোশি এলাকায় জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের ‘জেএস নাতোরি’ যুদ্ধজাহাজ ঘুরে দেখেন দুই মন্ত্রী। মোগামি শ্রেণির এই স্টেলথ ফ্রিগেটটি একাধিক ধরনের সামরিক অভিযানে সক্ষম। জাহাজটির প্রযুক্তি ও কার্যক্ষমতা খতিয়ে দেখেন রাজনাথ ও কোইজুমি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, এই পরিদর্শন সামুদ্রিক নিরাপত্তায় দুই দেশের বাস্তব সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই মন্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা আরও মজবুত করার সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে।
https://x.com/rajnathsingh/status/2122972700314661122?a=w5Pke8l4VD8vV8EZtlA&s=20
ইয়োকোসুকার নৌঘাঁটিতে যাওয়ার পথে সমাজমাধ্যমে রাজনাথ লেখেন, তাঁর জাপানি প্রতিপক্ষ ‘নিখুঁত আতিথেয়তা’ দেখাচ্ছেন। বুধবার টোকিয়োয় পৌঁছনোর পর ভারতের রাষ্ট্রদূত নগমা মালিক রাজনাথ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানান।
দু’দিনের সফরে দুই ভারতীয় মন্ত্রী জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি এবং বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে চতুর্থ ভারত-জাপান ‘টু প্লাস টু’ বৈঠকে বসবেন। প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী পর্যায়ের এই আলোচনায় দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। জয়শঙ্কর আলাদা করে ভারত-জাপান বিদেশমন্ত্রী পর্যায়ের কৌশলগত বৈঠকেও অংশ নেবেন।
রাজনাথ ও কোইজুমির এ বছরের মধ্যে এটি তৃতীয় দ্বিপাক্ষিক সাক্ষাৎ। এর আগে অগস্টে ভারতে এবং অক্টোবরে ফিলিপিন্সে তাঁদের বৈঠক হয়েছিল। আসন্ন আলোচনায় প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব গুরুত্ব পাবে।
ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক বছরে বেড়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক, যৌথ সামরিক মহড়া এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে রসদ আদানপ্রদানের চুক্তি সেই সম্পর্ককে আরও মজবুত করেছে।




