নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল ইরানের ড্রোন হামলায়। রবিবার বাহরিনের রিফা হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ছ’টি ড্রোন ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, মার্কিন সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাব দিতেই এই হামলা। যদিও বাহরিনের সেনাবাহিনীর দাবি, তারা ইরানের একাধিক আকাশপথে হামলা প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। আইআরজিসি অবশ্য হামলায় সফল আঘাত হানার দাবি করেছে।
গত কয়েক সপ্তাহের মধ্যে বাহরিনে এই প্রথম সরাসরি হামলার ঘটনা ঘটল। এর আগে শুক্রবার বাহরিনের দিকে ছোড়া ইরানের দু’টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। সেপ্টেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরশাহির একটি মার্কিন ঘাঁটিকেও নিশানা করেছিল ইরানের ড্রোন।
তবে সামরিক সংঘাতের মধ্যেও আমেরিকার সঙ্গে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আমেরিকা ইরানের ‘যৌক্তিক শর্ত’ মেনে নিলে যুদ্ধ শেষ করার পথ এখনও খোলা রয়েছে। তবে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’, এমন পরিস্থিতিতে দীর্ঘদিন থাকতে রাজি নয় ইরান। আমেরিকা নতুন করে হামলা শুরু করলে যুদ্ধের রণাঙ্গন কোথায় হবে, তা ইরানের সশস্ত্র বাহিনীই ঠিক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তবে সামরিক বিকল্প পুরোপুরি বাতিল করেননি তিনি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হচ্ছে। ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীও ওই অঞ্চলে পৌঁছেছে। ফলে এক দিকে কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত, অন্য দিকে সামরিক প্রস্তুতি—দু’দিকেই নজর রাখতে হচ্ছে পশ্চিম এশিয়াকে।
ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই অবশ্য জানিয়েছেন, আমেরিকার সঙ্গে চুক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনও আলোচনা এই মুহূর্তে হচ্ছে না। তাঁর কথায়, ‘আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছইনি। পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি, এখনও হচ্ছে না।’




