নিউজ ডেস্ক: কূটনৈতিক বৈঠকের পাশাপাশি ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও হস্তশিল্পকেও বিশ্বের দরবারে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় দু’দিনের সফরে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক রাষ্ট্রনেতার হাতে ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম ও হস্তশিল্প তুলে দিয়েছেন তিনি। উপহারের তালিকায় রয়েছে রাজস্থানের সোনালি পিচওয়াই চিত্রকলা, কাশ্মীরি রেশমের কার্পেট, পশমিনা শাল, বেনারসি সিল্কের উত্তরীয়-সহ নানা সামগ্রী।
ট্রাম্পের জন্য মোদীর পছন্দ ছিল রাজস্থানের নাথদ্বারার বিখ্যাত ‘গোল্ডেন পিচওয়াই’ চিত্রকর্ম। কাপড়ের উপর তৈরি এই বিশেষ ধরনের ছবিতে খনিজ রং ও সোনার সূক্ষ্ম কাজ থাকে। পদ্মফুল, গরু, গাছপালা এবং অলঙ্করণে সমৃদ্ধ এই শিল্পকর্মের উজ্জ্বল রং ও নিখুঁত নকশা বিশেষ আকর্ষণীয়।
https://x.com/NewsArenaIndia/status/2122969722396532831?a=18RejA2ubFqWJWzfqa8&s=20
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে দেওয়া হয়েছে কাশ্মীরি রেশমের কার্পেট। হাতে গাঁট বেঁধে তৈরি এই কার্পেটে থাকে ফুল, চিনার পাতার নকশা এবং জ্যামিতিক অলঙ্করণ। একটি কার্পেট তৈরিতে কয়েক মাস, কখনও কয়েক বছরও লেগে যেতে পারে। ফিলিপিন্সের ফার্স্ট লেডি লিজা আরানেতা-মার্কোস পেয়েছেন পশমিনা শাল। কাশ্মীরের চাংথাঙ্গি ছাগলের সূক্ষ্ম লোম থেকে তৈরি এই শাল রাখা হয়েছিল হাতে তৈরি পেপিয়ার-মাশে বাক্সে।
জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির জন্য ছিল রাজকীয় নীল রঙের বেনারসি কাতান সিল্কের উত্তরীয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পেয়েছেন জয়পুরের ব্লু পটারি শিল্পকর্ম। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর হাতে তুলে দেওয়া হয়েছে চোল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ভাস্কর্য। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত পেয়েছেন ধাতুর তৈরি ডোকরা শিল্পের নৌকার মূর্তি।
এ ছাড়াও ব্রুনেই ও মায়ানমারের জন্য ছিল কর্নাটকের বিদরি শিল্পের রুপোর নকশা করা ফুলদানি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল পেয়েছেন গুজরাতের রোজান শিল্পের ছবি। লাওসের প্রধানমন্ত্রীর জন্য ছিল গোলাপি কোয়ার্টজ পাথরের হাতি, আর তিমুর-লেস্তের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে গুজরাতের খাম্বাতের তৈরি আগেট পাথরের বাটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর উপহার ছিল ঐতিহ্যবাহী ভারতীয় চামড়ার দেওয়ালচিত্র।
গত ১৬ ও ১৭ নভেম্বর ম্যানিলা সফরে ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন, ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং কোয়াড নেতাদের বৈঠকে যোগ দেন মোদী। তাঁর এই উপহার-তালিকায় ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি ও কারিগরদের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতাকেই আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা হয়েছে।




