'Triumph of the Indian Republic: My Life, My Struggles' - প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞান ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতির জীবনযাত্রা আপনারা ওঁনারই শব্দে জানুন। তাঁর লেখা থেকে অনেক কিছুই শেখার আছে। যা বর্তমান সমাজে অনেকটাই প্রভাব ফেলবে”।
কোবিন্দ তাঁর বইটির একটি সঠিক নামকরণও করেছেন। প্রধানমন্ত্রী সেই নামের প্রশংসাও করেছেন। তাঁর কথায়, 'জীবনে ওঠা পড়া লেগেই থাকবে। অনেক সংঘর্ষ আসবে। কিন্তু তার মধ্যে দিয়েই নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তবেই জয় আসবে। আর এই জয় দেশের গণতন্ত্রের এবং লোকতন্ত্রের জয় হবে। মানুষ নিজের সফলতার কৃতিত্ব নিজেই নেয় এবং ব্যর্থতার দায় ঠেলে দেয় সমাজের দিকে। কিন্তু মন উদার হলে ব্যক্তি সমাজের কল্যাণের কথা ভাবে।'
এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের শৈশব থেকে কৈশোর বিভিন্ন সংগ্রাম এবং সাধারণ জীবন থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর দীর্ঘযাত্রার অভিজ্ঞতার কথা লেখা আছে। জীবন দর্শনে তাঁর পথ চলা, দেশের সেবার বিভিন্ন অধ্যায়ের কথা বইটিতে জায়গা পেয়েছে।
ভারতের গণতন্ত্র ও সমাজ গঠনে তাঁর অবদানের কথাও প্রকাশিত হয়েছে এই বইতে। এমনকি দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ে হওয়া বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনাও রয়েছে তাঁর এই আত্মজীবনীতে।