নিউজ ডেস্ক: মা হওয়ার অনুভূতি সবসময়ই বিশেষ, তা সে মানুষের ক্ষেত্রেই হোক কিংবা কোনো অবলা প্রাণীর। এই সময় সকলেই চান সেই মুহূর্তটিকে নিজের কাছে ধরে রাখতে এবং সময়ের সাথে সাথে এই সময় ফটোশুট করার প্রবণতা আরও বাড়ছে। মা হওয়ার পরেও অনেকে আবার ফটোশুট করাচ্ছেন বাচ্চাকে নিয়ে। আর সামাজিক মাধ্যমে ছবি আপলোড করার জন্য এই ধরনের ফটোশুটের চাহিদা ও বাড়ছে।তবে সন্তানসম্ভবা অবস্থার প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করার চল সাধারণত মানুষের মধ্যেই দেখা যায়। এবার সেই চেনা ছক ভেঙে নজর কাড়ল এক অন্তঃসত্ত্বা চারপেয়ে পোষ্য। কোনো সাধারণ ছবি নয়, একেবারে পেশাদার মেটারনিটি ফটোশুটের কায়দায় ক্যামেরার সামনে ধরা দিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির একটি কুকুর, যার নাম ‘খলোয়ি’।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। খলোয়ির এই রাজকীয় ফটোশুটের নেপথ্যে রয়েছেন তার অভিভাবক তথা পেশাদার আলোকচিত্রী সুসি রিচার্ডস।
জানা গেছে, খলোয়ি প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে চলেছে। তার গর্ভে বড় হচ্ছে চারটি ছানা। প্রিয় পোষ্যের জীবনের এই অনন্য অধ্যায়টিকে চিরস্মরণীয় করে রাখতেই বিশেষ এই উদ্যোগ নেন সুসি। পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নিজের স্টুডিওতেই তৈরি করেন এক রূপকথার মতো পরিবেশ।
ফটোশুটের জন্য স্টুডিওজুড়ে সাজানো হয়েছিল নরম গোলাপি রঙের দৃষ্টিনন্দন প্রেক্ষাপট। সঙ্গে রাখা হয়েছিল তুলতুলে নরম কম্বল, উজ্জ্বল রঙের ফিতা আর তাজা সুবাসিত ফুল। তবে আয়োজন যতই নিখুঁত হোক না কেন, সবচেয়ে বড় চমক ছিল খ্লোয়ির আচরণ। সাধারণত ক্যামেরার লাইট বা ঝলকানির সামনে অবলা প্রাণীরা ঘাবড়ে গেলেও, খলোয়ির ক্ষেত্রে দেখা গেছে ঠিক উল্টো চিত্র। প্রায় তিন ঘণ্টা ধরে চলা দীর্ঘ এই শুটে এতটুকু ক্লান্তি দেখায়নি সে। বরং পাকা মডেলের মতোই শান্ত ও সাবলীল ভঙ্গিমায় ক্যামেরার লেন্সে চোখ রেখে পোজ দিয়েছে। পরম নিশ্চিন্তে নিজের মাতৃত্বের রূপ মেলে ধরেছে সুসির ক্যামেরায়।
ছবিগুলি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। নেটদুনিয়ায় নিমেষে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে মুগ্ধ বিশ্বের তাবড় তাবড় পশুপ্রেমীরা। আর শুধু পশুপ্রেমীরাই নয়, এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সাধারণত যারা পোষ্য পছন্দ করেন না তারাও। মানুষের সঙ্গে পোষা প্রাণীর আত্মিক টান এবং ভালোবাসার এই অনন্য বহিঃপ্রকাশ মন ছুঁয়ে গেছে লাখ লাখ নেটিজেনের। অনেকেই মন্তব্য করেছেন, নামিদামি ফ্যাশন ম্যাগাজিনের মডেলের মত লাগছে। আবার অনেকে বলছেন এতো মডেলের থেকেও বেশি ভালো।




