স্পোর্টস ডেস্ক: বাইশ গজে তাঁর সুদিন ফিরুক না ফিরুক, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পৃথ্বী শ। একমাস আগেই অভিনেতা-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান ভেঙেছিল পৃথ্বীর। সম্পর্ক ভাঙার একমাসের মধ্যেই তা ফের জোড়া লাগল। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজে জানিয়েছেন আকৃতি।
সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে ‘একটি ব্যক্তিগত ব্যাখ্যা’ শীর্ষক পোস্টে আকৃতি লিখেছেন, ‘আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছি। আমাদের মধ্যে যে কথোপকথন হওয়ার প্রয়োজন ছিল, তা হয়নি। এর জন্য যা আঘাত এসেছে, তার জন্য পুরোপুরি দায়ী আমি। তারপর থেকে আমরা খোলাখুলিভাবে কথা বলেছি, একে অপরকে বুঝেছি এবং আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ আকৃতি আরও লেখেন, ‘একসঙ্গে আমরা একে অপরের জন্য যথেষ্ট। আমাদের আর অন্য কারও প্রয়োজন নেই। এবার আমি চাই, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব সঠিক বোঝাপড়া, বিশ্বাস ও ভালবাসার মধ্যে দিয়ে।’
https://www.instagram.com/p/DeZW1WkTMtW/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
চলতি বছরের মার্চ মাসেই তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন পৃথ্বী ও আকৃতি। সোশ্যাল মিডিয়ায় বাগদানের মুহূর্তের ছবিও শেয়ার করেছিলেন তাঁরা। কিন্তু, সেপ্টেম্বরেই সেই সম্পর্কে চিড় ধরে। গত ১৭ সেপ্টেম্বর আকৃতি জানান, ভবিষ্যৎ নিয়ে লক্ষ্য আলাদা হওয়ার কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কোনও দোষারোপ করে নয়, আকৃতি লেখেন, তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন। কিন্তু, তাঁদের রাস্তা যে একই রকম হবে না, সেটাও মেনে নিতে হয়েছে। সকলকে জল্পনা ছড়ানো থেকে বিরত থাকারও অনুরোধ জানান আকৃতি। এবার সোশাল মিডিয়ায় ফের সম্পর্ক জোড়া লাগার কথা জানালেন।
ভারতের জাতীয় দলে একসময় অন্যতম সেরা ও প্রতিভাবান ব্যাটার ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে পরে চোট, উচ্ছৃঙ্খল জীবনযাপন, ফিটনেস ও ধারাবাহিকতার অভাবের জন্য দল থেকে বাদ পড়েন তিনি। বর্তমানে আইপিএল-এও ব্রাত্য পৃথ্বী। ক্রিকেট কেরিয়ারের এই দুরবস্থায় অন্তত ভালোবাসা ফিরে পেলেন পৃথ্বী।