নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই সকল বাঙালির কাছেই যেন একটা আবেগ আর পুজো মানেই নিজেকে একটু নতুন করে সাজিয়ে তোলা। এবার পুজোয় নিজেকে সাজিয়ে তুলতে এসেছে এক নয়া ট্রেন্ড।সেটি কি জানেন ?
শরীর ডিহাইড্রেটেড হলে ডাবের জল বা ওআরএস-এর মতো ইলেকট্রোলাইট পানীয়ের ওপর ভরসা রাখতে বলেন চিকিৎসকেরা। ক্লান্তি কাটাতে কিংবা শরীরের ভেতর জলের ভারসাম্য বজায় রাখতে এই খনিজ যৌগগুলির ভূমিকা দীর্ঘকাল ধরেই প্রচলিত। তবে সাম্প্রতিক সময়ে এই পরিচিত উপাদানটিই জায়গা করে নিয়েছে রূপচর্চার দুনিয়াতেও।
চড়া রোদ, লাগামহীন দূষণ আর দৈনন্দিন ধকলে ক্ষতিগ্রস্ত ত্বকের সতেজতা ফেরাতে বাজারে এখন কদর বাড়ছে ‘ইলেকট্রোলাইট ক্রিম’-এর। বিশেষ করে শুষ্ক, সংবেদনশীল এবং ব্রণপ্রবণ ত্বকের পরিচর্যায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও ক্লোরাইডের মতো অপরিহার্য খনিজের সমন্বয়ে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য গড়ে ওঠে। এই খনিজের ঘাটতি দেখা দিলে যেমন পেশি ও স্নায়ুর দুর্বলতা শুরু হয়, তেমনই তার সরাসরি ছাপ পড়ে মুখের ত্বকে। অতিরিক্ত রোদে বেরোলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের নিজস্ব আর্দ্রতা দ্রুত শুষে নেয়। সেই সঙ্গে শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যায় প্রয়োজনীয় খনিজ উপাদানগুলিও। ফলে ত্বক তার স্বাভাবিক স্থিতিস্থাপকতা হারিয়ে শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে দেখা দেয় কালচে দাগছোপ, ফুসকুড়ি, র্যাশ কিংবা নানা চর্মরোগ।
চিকিৎসকদের একাংশের মতে, ত্বকের গভীরের এই খনিজ ও জলের ঘাটতি মেটানো সাধারণ ময়েশ্চারাইজারের পক্ষে সবসময় সম্ভব হয় না। এখানেই কার্যকর ভূমিকা নিচ্ছে ইলেকট্রোলাইট ক্রিম।
এই বিশেষ ধরনের ক্রিমগুলিতে সোডিয়াম, পটাশিয়াম কিংবা ম্যাগনেশিয়ামের মতো খনিজ তো থাকেই, তার পাশাপাশি যুক্ত করা হচ্ছে আরও বেশ কিছু সক্রিয় উপাদান। যেমন হায়ালুরোনিক অ্যাসিড, যা ত্বকের ভেতরের আর্দ্রতা দীর্ঘক্ষণ আটকে রেখে শুষ্কতা দূর করে ত্বককে নরম ও মসৃণ রাখে। এছাড়া এতে থাকা পেপটাইড ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ক্ষতিগ্রস্ত কোষের পুনর্গঠনে গতি আনে। পাশাপাশি সেরামাইডের উপস্থিতি ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তরটিকে নতুন করে গড়ে তোলে, যা বাইরের দূষণ, ব্যাক্টেরিয়ার সংক্রমণ এবং অতিবেগনি রশ্মির ক্ষতিকর প্রভাব আটকে দিতে সক্ষম।
তবে চিকিৎসকেরা ট্রেন্ডে গা না ভাসিয়ে যেকোনো পণ্য কেনার ব্যাপারে সতর্ক করছেন। তাঁদের বক্তব্য, বিজ্ঞাপনী চমক বা শুধু প্যাকেটের গায়ে ‘ইলেকট্রোলাইট’ নাম দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কেনার আগে প্যাকেটের উপাদানের তালিকায় পেপটাইড, সেরামাইড বা গ্লিসারিন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্যারাবেন, কৃত্রিম সুগন্ধি কিংবা অ্যালকোহলযুক্ত ক্রিম এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছেন তাঁরা। এছাড়া ত্বকের ধরন অনুযায়ী বাছাই করাও সমান জরুরি,তৈলাক্ত ত্বকের জন্য হালকা জেল-বেসড এবং শুষ্ক ত্বকের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভারী বা বাটার-বেসড ক্রিম ব্যবহার করলেই কাঙ্ক্ষিত ফল মিলবে।
