নয়াদিল্লি, নিউজ ডেস্ক: গণতন্ত্র রক্ষার আন্দোলনকে সামনে রেখে বিরোধী শিবিরের ঐক্যের বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, INDIA জোটের নেতাদের পাশাপাশি বিরোধী সাংসদ, ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিজের বাড়িতে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এই পোস্ট যথেষ্ট তাৎপর্যমূলক বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রাহুল গান্ধী তাঁর পোস্টে লেখেন, 'গণতন্ত্র রক্ষার এই জনআন্দোলনে তাঁরা সকলে একজোট। এই আন্দোলন আগামী দিনেও চলবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। চা-চক্রের পর সমস্ত প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলেও জানান কংগ্রেস নেতা। পোস্টের শেষে ‘All protests are one’ এবং ‘Unity’ হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্ত প্রতিবাদকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর এই পোস্টকে কেন্দ্র করে বিরোধী শিবিরের মধ্যে থাকা সমন্বয় ফের আলোচনায় উঠে এসেছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি'। সেখানে সামিল হন বিরোধীদের INDIA জোট। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হোক এবং নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হোক। গত কয়েকদিন ধরে চলা এসআইআর-বিরোধী আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্টে সাময়িকভাবে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুকথা বলার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলার বিচারপ্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিং বলেছেন, 'চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ-সহ নোটিশ জারি করুন। সেইসময়ের মধ্যে ট্রায়াল কোর্টে পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।'