রেজিনগর, নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পরও রাজনৈতিক উত্তাপ কমার লক্ষণ নেই। জয়ের আনন্দের পাশাপাশি সামনে আসছে অসন্তোষ, অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন। ফলাফলকে ঘিরে যখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা তখনই, বিরোধী শিবিরের এক নেতার বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তাঁর মন্তব্যে একদিকে যেমন রয়েছে নির্বাচনী ব্যবস্থার প্রতি ক্ষোভ, অন্যদিকে তেমনই উঠে এসেছে এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে প্রত্যাশার কথাও।
রেজিনগরের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সরব হয়েছেন তৃণমূল নেতা রবিউল আলম চৌধুরী। তাঁর বক্তব্য, যেখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সেখানে গণনার কোনও অর্থ নেই। সেই কারণেই তাঁরা প্রথম থেকেই গণনা কেন্দ্র বয়কট করেছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এই ঘটনা ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। যদিও ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য বা তার সমর্থনে কোনও প্রমাণ তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়নি। রেজিনগরের জয়ী পক্ষকে অভিনন্দন জানালেও সেই জয়লাভের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথাই স্বৈরাচারী শাসকের জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে হয়তো হচ্ছে কিন্তু সেই জয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের মর্যাদা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কটাক্ষের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ এর ছবিও উঠে এসেছে।
তবে, শুধু অভিযোগ আর সমালোচনাতে নিজের বক্তব্য সীমাবদ্ধ রাখেননি, ওই নেতা। পাশাপাশি, রেজিনগরের আগামী দিনের উন্নয়ন নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তাঁর আশা বিজেপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই অনুযায়ী রেজিনগরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। একইসঙ্গে এলাকার সর্বস্তরের মানুষের কাজের সুযোগ তৈরি হবে এবং সাধারণ মানুষের সমস্যাগুলির সমাধানের জন্য বিশেষভাবে উদ্যোগী হবে ক্ষমতায় থাকা নতুন নেতৃত্ব।
রাজনৈতিক বিতর্কের আবহে এখন নজর থাকবে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে। নির্বাচনী প্রক্রিয়ার ফলাফল নিয়ে মতবিরোধ থাকলেও এলাকার মানুষের প্রত্যাশা উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক পরিষেবার উন্নতি। রাজনৈতিক বক্তব্যের বাইরে বাস্তবে সাধারণ মানুষের সেই প্রত্যাশা কতটা পূরণ হয় আগামী দিনেই তার উত্তর মিলবে। বিজেপি তাঁদের দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারে, রেজিনগরকে সত্যিই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হয় কি না, সেটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা। রাজনৈতিক তরজা চলতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত উন্নয়নের সুফল যেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছই, এখন সেটাই দেখার।
