কোচবিহার, স্নিগ্ধা চৌধুরী: কোচবিহারের শীতলকুচিতে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পঙ্কজ সাহা। তিনি বিজেপির জেলা কমিটির সদস্য বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
অভিযোগ, গত ১৫ আগস্ট শীতলকুচির বামনপাড়া এলাকার ব্যবসায়ী সইজার মিয়ার ছেলে ইসলাম মিঞা ধান কেনার জন্য সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে তাঁকে ফোন করে একটি জায়গায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছনোর পর ১০-১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে অপহরণ করে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, অপহরণের পর ইসলামকে ছাড়ার বিনিময়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে ওই টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর বিষয়টি শীতলকুচি থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বাবা সইজার মিয়া। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে পঙ্কজ সাহার নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে পেশ করা হয়। আইনজীবী বাবলু বর্মনের দাবি, অভিযোগকারী সইজার মিয়া এবং তাঁর ছেলে ইসলাম মিঞা আদালতে পঙ্কজ সাহাকে শনাক্ত করেছেন।
অভিযুক্তের জামিনের আবেদনও এদিন খারিজ করে দেন বিচারক। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত পঙ্কজ সাহাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা নিয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, দলের অবস্থান স্পষ্ট কেউ অন্যায় করলে তাঁকে শাস্তি পেতেই হবে। তাঁর কথায়, দলের তরফে কোনও ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় না। পঙ্কজ সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে দলগতভাবেও উপযুক্ত পদক্ষেপ করা হবে। তিনি আরও বলেন, “আইন আইনের পথেই চলবে।”
অন্যদিকে, অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।