স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংসের পর এবার তার প্রশংসায় পঞ্চমুখ কোচ মনীশ ওঝা। শুধু প্রতিভাবান ক্রিকেটার নয়, বৈভবকে ‘জেনারেশনাল প্লেয়ার’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, সুনীল গাভাসকার এবং মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা যে ভাবে খেলার গতিপথ বদলে দিয়েছেন, বৈভবের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে।
সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মনীশ বলেন, ‘মাত্র ১৫-১৬ বছর বয়সে ও যে কীর্তি গড়েছে, সেটাই একটা রেকর্ড। ওর প্রতিটি পরিসংখ্যানই নজির। বৈভব একজন জেনারেশনাল প্লেয়ার। শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, সুনীল গাভাসকার এবং এমএস ধোনির মতো ক্রিকেটাররা প্রজন্মে একবারই আসেন। তাঁরা খেলার গতিপথ বদলে দেন।’
বৈভবের ইনিংসকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেছেন তাঁর কোচ। বিশেষ করে যে গতিতে শতরান ও দ্বিশতরান পূর্ণ করেছে সে, তা অবিশ্বাস্য বলে মনে করছেন মনীশ। তাঁর কথায়, ‘এটা নিঃসন্দেহে ঐতিহাসিক এবং অত্যন্ত আক্রমণাত্মক ইনিংস। বৈভব একটি রেকর্ড তৈরি করেছে। মাত্র ২৮ বলে শতরান করেছে। তার পর ৫২ বলেই দ্বিশতরান পূর্ণ করেছে।’
মঙ্গলবার দোহায় এসিসি রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত এ-র হয়ে খেলতে নেমেছিল বৈভব। ৫৩ বলে ২০৪ রান করে সে। ইনিংসে ছিল সাতটি চার এবং ২৮টি ছক্কা। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত এ। সাত উইকেটে জয় পায় দল।
মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছে বৈভব। ৫২ বলে দ্বিশতরান করে গড়েছে এই ফরম্যাটে দ্রুততম দ্বিশতরানের নজিরও। এর আগে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে শতরানের রেকর্ড ছিল।
একই ইনিংসে ২৮টি ছক্কা মেরেও নতুন নজির গড়েছে এই কিশোর। তবে এত অল্প বয়সে এমন সাফল্যের পরও বৈভবকে ঘিরে প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাকে স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে দেওয়াই এখন সবচেয়ে জরুরি।




