নিউজ ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নোবেলজয়ী মহম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্ককে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি। মাত্র ১৫ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের শাখা ও কার্যালয়ে ১০০টি অগ্নিসংযোগের ঘটনা এবং হামলার চেষ্টা হয়েছে বলে দাবি। কোথাও পেট্রল বোমা ছোড়া হয়েছে, কোথাও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনায় ব্যাঙ্কের কর্মী ও ঋণগ্রহীতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাঙ্কের অভ্যন্তরীণ অডিট ও কমপ্লায়েন্স বিভাগের ২৪ নভেম্বরের রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে। ১০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হামলা ও হামলার চেষ্টার সংখ্যা ১০০। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন শাখায় পেট্রল বোমা ছোড়ার ঘটনাও রয়েছে। মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম শাখার বারান্দায় পেট্রল বোমা ছোড়া হয়। একই রাতে টাঙ্গাইলের একটি শাখার সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গোপালগঞ্জের কাশিয়ানী শাখায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। হামলাকারীরা অফিসে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ভাউচার ও গুরুত্বপূর্ণ নথি লুট করে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। অফিসের সরঞ্জামও চুরি করা হয়। ওই শাখায় এখনও স্বাভাবিক কাজকর্ম শুরু করা যায়নি। কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সরব হয়েছেন গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ব্যাঙ্কের শাখাগুলিতে হামলা হচ্ছে। হামলাকারীদের পিছনে উচ্চপর্যায়ের কারও নির্দেশ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, হামলার সময় কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। তবে কোনও সংগঠন এখনও আনুষ্ঠানিক ভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
ইউনূসের বক্তব্য, গ্রামীণ ব্যাঙ্কের ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে প্রায় ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ৯০ শতাংশ মালিকানা রয়েছে ঋণগ্রহীতাদের হাতে, বাকি ১০ শতাংশ সরকারের। ফলে এই হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের উপর আঘাত নয়, লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তার উপরও আঘাত। ব্যাঙ্কের কর্মী, ঋণগ্রহীতা এবং গুরুত্বপূর্ণ নথির সুরক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিও জানিয়েছেন ইউনূস।




