নিউজ ডেস্ক: একদিকে লাগাতার ধস, অন্যদিকে বাড়িঘরে ফাটল! আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গাপুরের খনি এলাকার বাসিন্দারা। যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে খনি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হলেন রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। তাঁর সোজাসাপটা প্রশ্ন, খনির কাজের জেরে অথবা ধসের কারণে যদি কোনও মানুষের মৃত্যু হয়, তাহলে তার দায় কে নেবে? বিধায়কের এই প্রশ্নের পরেই নড়েচড়ে বসেছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)। বুধবার ধস কবলিত এলাকা পরিদর্শন করেন সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা।
সম্প্রতি অন্ডালের সিদুলিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় এলাকার একাধিক জায়গা। বাড়িঘর ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘিরে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে ECL-এর তরফে কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ব্লাস্টও করানো হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্থার গাফিলতির কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। নিরাপত্তার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছে তাঁদের মধ্যে।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ECL-এর সিএমডি সতীশ ঝার সঙ্গে বৈঠকে বসেন রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। সেখানে খনি এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। বিধায়কের বক্তব্য, খনির কাজকর্ম চলুক, তাতে আপত্তি নেই। কিন্তু কোনওভাবেই মানুষের জীবন বিপন্ন করা যাবে না। খননকার্যের কারণে কিংবা ধসের জেরে কারও মৃত্যু হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
শুধু নিরাপত্তা নয়, ইতিমধ্যে যাঁদের বাড়িঘর ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের দ্রুত পুনর্বাসনের দাবিও জানিয়েছেন বিধায়ক। বিপজ্জনক এলাকায় বসবাসকারী পরিবারগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থার দাবিও উঠেছে।
অন্যদিকে, ECL-এর সিএমডি সতীশ ঝা জানিয়েছেন, খনি অঞ্চলের ধসপ্রবণ ও বিপজ্জনক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে পুনর্বাসনের কাজ চলছে। সংস্থার কর্মীদের ক্ষেত্রে পুনর্বাসনের দায়িত্ব ECL নিজেই পালন করছে। তাঁদের নিজস্ব কলোনি ও কোয়ার্টারে স্থানান্তরিত করার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি আরও জানান, পুনর্বাসন প্রক্রিয়ায় গতি আনতে রাজ্য সরকার সবচেয়ে বিপজ্জনক ১৬টি এলাকাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করেছে। জমির প্রকৃত মালিকদের জমি, বাড়ি ও গাছপালার বর্তমান বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থাও থাকবে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? আতঙ্ক কাটিয়ে কবে নিরাপদে নিজেদের বাড়িতে থাকতে পারবেন খনি এলাকার বাসিন্দারা? প্রশাসন ও ECL-এর আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে দুর্গাপুরের ধসপ্রবণ এলাকার মানুষ।




