কলকাতা: নতুন শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় পরিবর্তন আনতে চলেছে স্কুল শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি ‘বুক ডে’-তে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে নতুন নামের পাঠ্যবই। ইতিমধ্যেই কোন শ্রেণির কোন বইয়ের নাম পরিবর্তন করা হয়েছে, তার তালিকা সামনে এসেছে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাধিক বইয়ের নাম বদল করা হয়েছে। প্রথম শ্রেণির ‘আমার বই-১ (ক)’, ‘আমার বই-১ (খ)’ এবং ‘আমার বই-১ (গ)’-এর নতুন নাম হয়েছে যথাক্রমে ‘নবপল্লব-১ (খণ্ড ১)’, ‘নবপল্লব-১ (খণ্ড ২)’ এবং ‘নবপল্লব-১ (খণ্ড ৩)’।
একইভাবে দ্বিতীয় শ্রেণির ‘আমার বই-২ (ক)’, ‘আমার বই-২ (খ)’ এবং ‘আমার বই-২ (গ)’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নবদিগন্ত-২ (খণ্ড ১)’, ‘নবদিগন্ত-২ (খণ্ড ২)’ এবং ‘নবদিগন্ত-২ (খণ্ড ৩)’।
তৃতীয় শ্রেণির ‘পাতাবাহার-৩’ বইটির নতুন নাম হয়েছে ‘নবাঙ্কুর-৩’। চতুর্থ শ্রেণির ‘পাতাবাহার-৪’ এবার থেকে পরিচিত হবে ‘উন্মেষ-৪’ নামে। পঞ্চম শ্রেণির ‘পাতাবাহার-৫’-এর নতুন নাম রাখা হয়েছে ‘নবদিশারী-৫’।
ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইতিহাস ও ভূগোলের বইয়ের নামেও পরিবর্তন আনা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ‘অতীত ও ঐতিহ্য-৬’ বদলে হচ্ছে ‘প্রাচীন ইতিহাস-৬’। একই শ্রেণির ‘আমাদের পৃথিবী-৬’ বইটির নতুন নাম ‘ভূ-পরিচয়-৬’।
সপ্তম শ্রেণির ‘অতীত ও ঐতিহ্য-৭’-এর পরিবর্তে পড়ুয়ারা পাবে ‘মধ্য ইতিহাস-৭’। ‘আমাদের পৃথিবী-৭’ বইটির নাম হয়েছে ‘ভূ-পরিচয়-৭’। অন্যদিকে, অষ্টম শ্রেণির ‘অতীত ও ঐতিহ্য-৮’ বইটির নতুন নাম রাখা হয়েছে ‘আধুনিক ইতিহাস-৮’। ‘আমাদের পৃথিবী-৮’ এবার থেকে পরিচিত হবে ‘ভূ-পরিচয়-৮’ নামে।
অর্থাৎ, ছোটদের প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিকের আগের শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের নামকরণে একাধিক পরিবর্তন করা হয়েছে। নতুন নামের বইগুলি পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, প্রাক-প্রাথমিক স্তরের দুটি বই-সহ মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি নতুন বছরের ‘বুক ডে’-তে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে এই বই বিতরণ করা হবে। ফলে নতুন শিক্ষাবর্ষে নতুন নামের বই নিয়েই পড়াশোনা শুরু করতে চলেছে রাজ্যের পড়ুয়ারা।




