কলকাতা, নিউজ ডেস্ক: ফের নতুন করে উত্তেজনা ছড়াল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ। এবার এক ছাত্রীকে অনুসরণ করে মোবাইলে ভিডিও করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ক্যাম্পাসে। ঘটনার তদন্ত এবং নিরাপত্তা বিভাগের ইনচার্জকে সরানোর দাবিতে সরব হয়েছে ছাত্র সংসদ।
ছাত্র সংসদের অভিযোগ, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের মহিলা শৌচাগারে যাওয়ার সময় এক ছাত্রীকে অনুসরণ করেন এক নিরাপত্তারক্ষী। সেই সময় বাইরে মোতায়েন এক নিরাপত্তারক্ষী তাঁকে অনুসরণ করেন এবং তিনি শৌচাগারের ভিতরে থাকাকালীন দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। বিষয়টি নজরে আসতেই সন্দেহ প্রকাশ করেন পড়ুয়ারা। অভিযোগ, ওই ছাত্রীকে অনুসরণ করে মোবাইলে ভিডিও রেকর্ড করা হতে পারে।
ছাত্র সংসদের আরও অভিযোগ, গত দু’মাস ধরে নিরাপত্তা বিভাগের ইনচার্জের নির্দেশে মোবাইল ফোনের মাধ্যমে পড়ুয়াদের উপর নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রী-সহ অন্য পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগও উঠেছে। ঘটনার তদন্ত, সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং নিরাপত্তা বিভাগের ইনচার্জকে অপসারণের দাবিতে সময়সীমা বেঁধে দিয়েছে ছাত্র সংসদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বিভাগের ইনচার্জকে সরানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ছাত্র সংসদের বক্তব্য, ঘটনার পরে ওই নিরাপত্তা আধিকারিক কয়েকজন মহিলা পড়ুয়াকে নিজের দফতরে ডেকে উপাচার্যের লিখিত নির্দেশ দেখানোর আশ্বাস দেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁরা কোনও চিঠি, বিজ্ঞপ্তি বা লিখিত নির্দেশ পাননি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে একাধিক ঘটনাকে কেন্দ্র করে এসআরএফটিআই ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। ছাত্র আন্দোলন, বহিষ্কার, শিক্ষক সাসপেনশন এবং প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। তার মধ্যেই নতুন করে ছাত্রীকে অনুসরণ করে ভিডিওর করার অভিযোগে নতুন করে বিতর্ক তৈরী হয়েছে।




