স্বাগত ভট্টাচার্য্য: উনিশ শতকের বাংলার নবজাগরণ কেবল সাহিত্য, দর্শন বা সমাজসংস্কারেই সীমাবদ্ধ ছিল না; এর এক নীরব অথচ বৈপ্লবিক প্রকাশ ঘটেছিল বাঙালির পোশাক-আশাকে, যার প্রধান পুরোধা ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ঔপনিবেশিক শাসনের সেই সময় একদিকে ছিল ব্রিটিশ সাহেবদের স্যুট-বুটের অন্ধ অনুকরণ, অন্যদিকে ছিল অন্তঃপুরবাসিনী বাঙালি নারীদের অন্দরমহলের জড়তা ও রক্ষণশীলতা। এই দুই প্রান্তিক অবস্থানের মাঝে দাঁড়িয়ে ঠাকুরবাড়ি পোশাককে নিছক শরীর ঢাকার আবরণ হিসেবে না দেখে, এটিকে আত্মমর্যাদা, শালীনতা ও স্বদেশী নান্দনিকতার ভাষায় রূপান্তরিত করেছিল।
তৎকালীন বাঙালি সমাজে নারীদের প্রচলিত একপ্যাঁচে শাড়ি পরার ধরনটি জনসমক্ষে বা বৃহত্তর কর্মক্ষেত্রে চলাফেরার জন্য উপযোগী ছিল না। এই অচলায়তন ভাঙেন রবীন্দ্রনাথের মেজবৌদি জ্ঞানদানন্দিনী দেবী। বোম্বাই-এ পার্সি নারীদের শাড়ি পরার শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাঙালি নারীদের জন্য কুঁচি, আঁচল, জ্যাকেট (ব্লাউজ) ও সেমিজ সহযোগে শাড়ি পরার এক আধুনিক পদ্ধতির প্রবর্তন করেন, যা ইতিহাসে ‘ব্রাহ্মিকা শাড়ি’ নামে পরিচিত। পরবর্তীতে তিনি ‘বামাবোধিনী’ পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বাঙালি নারীদের এই নতুন রীতিতে শাড়ি পরা শেখানোর উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি ইন্দিরা দেবী চৌধুরানী, প্রজ্ঞাসুন্দরী দেবী কিংবা প্রতিমা দেবীরা দেশীয় তাঁত, জামদানি ও খাদির বস্ত্রকে যেভাবে নিত্যদিনের সাজে যুক্ত করেছিলেন, তা বাঙালি নারীকে অন্দরমহলের সংকোচ কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে বাইরের বৃহত্তর সমাজে পদার্পণের পথ প্রশস্ত করে দিয়েছিল।
এই সংস্কারের নেপথ্যে কাজ করেছিল পোশাক বিষয়ে রবীন্দ্রনাথের গভীর নান্দনিক ও স্বদেশী দর্শন। রবীন্দ্রনাথ মনে করতেন, যেকোনো পোশাকের প্রথম শর্ত হলো তা যেন মানুষের শরীর ও দেশের আবহাওয়ার সাথে মানানসই হয়। ব্রিটিশ আমলে শিক্ষিত বাঙালি সমাজে যখন স্যুট-বুট পরার হিড়িক পড়েছিল, রবীন্দ্রনাথ তার সমালোচনা করেছিলেন।১৮৭৮ সালে বিলেত যাত্রার পর লেখা ‘য়ুরোপ-প্রবাসীর পত্র’-তে তৎকালীন বাঙালি সমাজের পশ্চিমা পোশাক প্রীতিকে তীব্র শ্লেষে বিদ্ধ করেছিলেন। তিনি লিখেছিলেন, “অন্যের পোশাক পরিয়া নিজের মর্যাদা বাড়ানো যায় না, বরং তাহাতে নিজেকে হাস্যাস্পদ করা হয়।” রবীন্দ্রনাথ নিজে গগনেন্দ্রনাথ ঠাকুরের নকশা করা ভারতীয় ও মোঘল ঐতিহ্যের সমন্বয়ে তৈরি লম্বা ‘চাপকান’ ও ‘জোব্বা’ পরে এক স্বতন্ত্র স্টাইল তৈরি করেছিলেন। তাঁর বাল্যকালের অনাড়ম্বর পোশাকের কথা স্মরণ করে তিনি ‘জীবনস্মৃতি’-তে লিখেছিলেন, “কাপড়চোপড় এতই যৎসামান্য ছিল যে এখনকার ছেলের চক্ষে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে।” ১৯১৬ সালে জাপান ভ্রমণের পর ‘জাপান-যাত্রী’ গ্রন্থেও তিনি জাপানিদের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’-র প্রশংসা করে লিখেছিলেন, আধুনিক হয়েও নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ধরে রাখাই একটি জাতির প্রকৃত আত্মসম্মানের পরিচয়।
শান্তিনিকেতনের আশ্রমেও রবীন্দ্রনাথ ধনী-দরিদ্র নির্বিশেষে অনাড়ম্বর দেশীয় তাঁত ও খাদির পোশাকের প্রচলন করেছিলেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনেও তিনি বিলেতি বস্ত্র বর্জন করে দেশীয় তাঁতিদের বোনা মোটা কাপড় পরার আহ্বান জানিয়েছিলেন, যা অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। ফ্যাশন ও স্টাইলের এই চিরন্তন পার্থক্যটি তিনি সবচেয়ে তীক্ষ্ণভাবে ফুটিয়ে তুলেছিলেন তাঁর কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’-য় নায়ক অমিত রায়ের মুখ দিয়ে—“ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। যারা আমন-সাধারণের দলে, ফ্যাশন তাদেরই; আর যারা বিশেষ, স্টাইল তাদেরই।”
আজকের বিশ্বায়নের যুগে বাজার-নিয়ন্ত্রিত ‘ফাস্ট ফ্যাশন’ যখন মানুষের স্বকীয়তাকে এক ছাঁচে ফেলে গ্রাস করতে উদ্যত, তখন ঠাকুরবাড়ির সেই ঐতিহাসিক সংস্কার ও রবীন্দ্রনাথের নান্দনিক দর্শন আমাদের আত্মানুসন্ধানের প্রেরণা জোগায়। অন্ধ অনুকরণে নয়, বরং নিজস্ব ঐতিহ্য, আবহাওয়া ও জীবনবোধের সাথে সংগতি রেখেই যে প্রকৃত আধুনিকতার নির্মাণ সম্ভব—তাঁরা তা প্রমাণ করেছিলেন। পোশাক কেবল শরীর ঢাকার নিষ্প্রাণ আবরণ নয়; তা আসলে একটি জাতির আত্মমর্যাদা, স্বাধীনতা এবং প্রগতিশীল মননের নীরব ইশতেহার ; রবীন্দ্রনাথ তা বহুকাল আগেই বুঝিয়ে দিয়েছেন।




