নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকা থেকে প্রায় ২ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁরা। পরিবারের দাবি ছিল, তাঁদের কোনও খোঁজ নেই। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। অভিযোগ, ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে রিয়াসি জেলার মাহোরে ও চাসানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৩০ জন সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। সেখানে অস্ত্র চালানো এবং বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেওয়ার পর এখন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা করছেন তাঁরা।
পুলিশের হাতে আসা একটি নথিতে ওই ৩০ জনের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত। সীমান্তের ওপার থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ, অর্থ পাঠানো এবং স্থানীয় যুবকদের উগ্রপন্থায় প্ররোচিত করার কাজে যুক্ত রয়েছেন তাঁরা। বিশেষ করে পির পাঞ্জাল পর্বতমালার দক্ষিণে জম্মু অঞ্চলে জঙ্গি কার্যকলাপ নতুন করে সক্রিয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ২৯ নভেম্বর পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর একাধিক ধারায় তদন্ত শুরু হয়। তদন্তে সাক্ষীদের বয়ান এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সীমান্তের ওপারে বসে থাকা ওই ব্যক্তিরা শুধু জঙ্গি কার্যকলাপের নির্দেশই দিচ্ছেন না, নিজেদের গ্রামের পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই টাকা জঙ্গি কার্যকলাপে ব্যবহার করার পরিকল্পনাও করছেন।
তদন্তকারীদের দাবি, স্থানীয় সহযোগীদের মাধ্যমে জমি বিক্রি করে পাওয়া অর্থ সীমান্তের ওপারে পাঠানোর চেষ্টা হচ্ছিল। সেই টাকা অস্ত্র কেনা, নতুন সদস্য নিয়োগ এবং হামলার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা পুলিশের। এই আর্থিক পথ বন্ধ করতেই রিয়াসি জেলা পুলিশ সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ করেছে।
রিয়াসির পুলিশ সুপার মুকুন্দ লাল জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধানের নির্দেশে ৫ জনের সম্পত্তি ইউএপিএ-র অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মাহোরের শাদোলে গ্রামের মহম্মদ কায়ুম ওরফে আবদুল কায়ুম শাদোলে, বদ্দেরের বশির আহমেদ ওরফে মাসুম, আরনাসের শোকত আলি হুন্ডার এবং থুরুর মঞ্জুর আহমেদ ওরফে মঞ্জুর হুসেন খান্তি। তাঁদের জমির পরিমাণ যথাক্রমে ৩ কানাল, ৩ কানাল, ৩ কানাল এবং ১৫ কানাল ১৯ মারলা। তদন্তে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে।
পুলিশের বক্তব্য, এই ৫ জন-সহ তালিকাভুক্ত ৩০ জনই অতীতে পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে জম্মু অঞ্চলে জঙ্গি কার্যকলাপ ফের ছড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। পুলিশের মতে, এত দিন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান মূলত অস্ত্রধারী সদস্যদের খোঁজ, জঙ্গলে তল্লাশি এবং অনুপ্রবেশের পথ বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ বার সীমান্তের ওপারে বসে থাকা পুরনো জঙ্গি নেটওয়ার্কের আর্থিক উৎসেও আঘাত হানার চেষ্টা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর কাছে এই ঘটনা নতুন করে উদ্বেগের কারণ। কারণ, স্থানীয় স্তরে সক্রিয় জঙ্গির সংখ্যা কমলেও সীমান্তের ওপারে থাকা পুরনো সদস্যদের মাধ্যমে অর্থ, অস্ত্র এবং উগ্রপন্থী মতাদর্শ ছড়ানোর চেষ্টা চলতে পারে। জমি বিক্রির মতো আপাত নিরীহ লেনদেনও যে জঙ্গি অর্থের জোগান দেওয়ার কাজে ব্যবহৃত হতে পারে, এই তদন্তে সেই আশঙ্কাই সামনে এসেছে।
পুলিশের দাবি, সম্পত্তি বাজেয়াপ্ত করার ফলে অভিযুক্তেরা তাঁদের পৈতৃক জমি বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারবেন না। একই সঙ্গে তাঁদের স্থানীয় সহযোগীদের কাছেও বার্তা দেওয়া হয়েছে—জঙ্গিদের সম্পত্তি বিক্রি বা সেই অর্থ পাচারে সাহায্য করাও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তদন্ত এখনও চলছে। সীমান্তের ওপারে থাকা অভিযুক্তদের সঙ্গে স্থানীয় যোগাযোগের সূত্র এবং অর্থের লেনদেনের পথ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।




