বিনোদন ডেস্ক: 'বিগ বস বাংলা’য় সম্পর্কের জটিলতা, চোখের জল এবং মান-অভিমানের তীব্র নাটকীয়তায় জমে উঠেছে বাবলাতলার চায়ের ঠেক! বাইরের জীবনে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আর ঘরের ভেতরে জীতু কমলের সঙ্গে ঘনিষ্ঠতা—এই দুইয়ের টানাপোড়েনে ভেঙে পড়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। গত রাতের অর্থাৎ বুধবার, ২৫ নভেম্বর এপিসোডে “দু-জনের লাইফ শেষ করে দিলাম"—নিরঞ্জনের সামনে কান্নায় ভেঙে পড়লেন সৃজলা। পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায় বেডরুমে। বিছানায় বসে সহ-প্রতিযোগী নিরঞ্জনের কাছে নিজের মনের যন্ত্রণা উগরে দিয়ে অঝোরে কাঁদতে থাকেন সৃজলা।
কান্নাজড়িত কণ্ঠে সৃজলাকে বলতে শোনা যায় যে, তিনি "দুজনের জীবন শেষ করে দিয়েছেন"। বাইরের জীবনে থাকা শন এবং ঘরের ভেতরে জীতুর সঙ্গে তৈরি হওয়া সমীকরণের জেরে তিনি যে চরম মানসিক চাপে রয়েছেন, তা তাঁর কথায় স্পষ্ট হয়ে ওঠে। সৃজলার এই অসহায় অবস্থা দেখে নিরঞ্জন তাঁকে সান্ত্বনা দেন এবং কাঁদতে বারণ করেন।
এরপর নিরঞ্জনের কাছে সৃজলাকে কাঁদতে দেখে চটলেন দানবীর জীতু কমল! সৃজলা যখন নিরঞ্জনের সামনে বসে কাঁদছিলেন, ঠিক সেই মুহূর্তেই বেডরুমে প্রবেশ করেন জীতু কমল। সৃজলাকে এভাবে নিরঞ্জনের কাছে চোখের জল ফেলতে দেখে প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে ওঠেন জীতু।সরাসরি সৃজলাকে প্রশ্ন করেন, "তুমি আমার কাছে চোখের জল দেখাও, নিরুর কাছেও দেখাও। তুমি কে?" পরবর্তীতে সুইমিং পুলের ধারে বসেও এই বিষয়ে সৃজলার ওপর নিজের ক্ষোভ উগরে দেন জীতু। তিনি মনে করিয়ে দেন যে, নিরঞ্জন এতদিন ধরে সৃজলাকে বিরক্ত করেছেন এবং মানসিক সমস্যায় ফেলেছেন। জীতুর আক্ষেপ, "আমি ভাবতে পারিনি, ও হেসেছে... তার কাছে আমি চোখের জল দেখাচ্ছি। সে আবার বাইরে এসে বলছে সৃজলা কাঁদিস না!"
আগের দিন আলো নিভে যাওয়ার পর জীতু এবং সৃজলার ফিসফিসিয়ে কথা বলার রেশ গতকালের পর্বেও স্পষ্ট ছিল। ঘরের ভেতরে জীতুর প্রতি সৃজলার টান এবং অন্যদিকে বাইরের প্রেমিক শন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ নিয়ে জীতুর সমালোচনা ঘরের বাতাস ভারী করে রেখেছে। গ্র্যান্ড ফিনালের ঠিক আগে জীতু-সৃজলার এই ব্যক্তিগত রসায়ন এবং নিরঞ্জনের সঙ্গে সৃজলার এই সমীকরণ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে। কেউ সৃজলার মানসিক অবস্থার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ বাইরের সম্পর্ক থাকা সত্ত্বেও ঘরের ভেতরে জীতুর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলছেন।




