অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) আসন্ন নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন বর্তমান সভাপতি কল্যাণ চৌবে। প্রথমে নির্বাচনী তালিকায় নাম না থাকলেও শেষ পর্যন্ত ভোটাধিকার পেলেন তিনি। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। তার আগে ৭০ সদস্যের চূড়ান্ত ভোটার তালিকায় কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে কল্যাণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে কর্নাটকের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে রয়েছেন সংস্থার সভাপতি এন এ হ্যারিস।
২৫ নভেম্বর দিল্লিতে নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। কল্যাণের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রায় দু’সপ্তাহের অনিশ্চয়তার অবসান হল। এর আগে রাজ্য ফুটবল সংস্থাগুলির জমা দেওয়া প্রাথমিক মনোনয়নের তালিকায় তাঁর নাম ছিল না। ২০২২ সালে যে গুজরাত ফুটবল সংস্থা তাঁকে মনোনীত করেছিল, এ বার তারা তাঁর নাম পাঠায়নি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল সংস্থার মাধ্যমেও প্রতিনিধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সংস্থা নিজেদের আগের মনোনয়নই বহাল রাখে।
এর পর কর্নাটক ফুটবল সংস্থা কল্যাণকে প্রতিনিধি করার উদ্যোগ নেয়। সংস্থার আগের মনোনীত প্রতিনিধি হানিফ মহম্মদের পরিবর্তে তাঁর নাম প্রস্তাব করেন সভাপতি এন এ হ্যারিস। নির্ধারিত সময়সীমার পরে এই মনোনয়ন জমা পড়ায় নির্বাচনী আধিকারিকের অনুমোদন প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত সেই অনুমতি মেলায় চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পান কল্যাণ।
এ বার ভোটার তালিকায় রয়েছেন এআইএফএফের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলও। ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন মালোজিরাজে শাহু ছত্রপতি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে নির্বাচনী তালিকায় জায়গা পেয়েছেন অনির্বাণ দত্ত ও সুব্রত দত্ত। গোয়ার প্রতিনিধি ভ্যালাঙ্কা নাতাশা আলেমাও এবং শুবার্ট ফুর্তাদো।
প্রতিটি সদস্য সংস্থা থেকে দু’জন করে প্রতিনিধি এবং চার জন বিশিষ্ট ক্রীড়াবিদকে নিয়ে তৈরি হয়েছে ৭০ সদস্যের নির্বাচকমণ্ডলী। ওই চার ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ২৩ নভেম্বর। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ওনাম বেমবেম দেবী, জো পল আনচেরি, ব্রুনো কুটিনহো এবং বেন্টলা ডি’কথ। তবে ৭০ জনের মধ্যে মহিলা প্রতিনিধি মাত্র ছ’জন। ২০ ডিসেম্বরের নির্বাচনেই নির্ধারিত হবে এআইএফএফের নতুন পদাধিকারীদের ভবিষ্যৎ।




