নিউজ ডেস্ক: বুধবার দুপুরে আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে এক যুবকের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের পুণেতে। আইনি প্রক্রিয়ায় হাজিরা দিতে এসে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন মন্দার মারুতি কিওয়ালে নামে ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া একটি ভিডিও সূত্রে জানা গিয়েছে, হামলার সময় মন্দার ফুটপাথের ওপর পড়ে গেলে অন্তত দুজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। হামলা চালানোর পর অভিযুক্তরা দুটি স্কুটারে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রকাশ্য রাস্তায় এমন ভয়াবহ দৃশ্য দেখে পথচারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মন্দার কিওয়ালে নিজেও একটি খুনের মামলার অন্যতম অভিযুক্ত। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২০ এপ্রিল পুণের সন্তোষনগর কাতরাজ এলাকায় জমিজমা এবং আর্থিক বিবাদকে কেন্দ্র করে শুভম সুভাষ চহ্বান নামে এক যুবক খুন হন। সেই মামলাতেই দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মন্দার। মাত্র চার দিন আগেই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। এদিন সেই সংক্রান্ত আইনি কাজে আদালতে হাজিরা দিতে এলে ওত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা ও প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর জখম অবস্থায় মন্দারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। পুণে সিটি পুলিশের জয়েন্ট কমিশনার সঞ্জয় দরাডে সংবাদমাধ্যমকে জানান, আদালতের কাজ চলাকালীন তিন থেকে চারজন দুষ্কৃতী এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। অভিযুক্তদের চিহ্নিত করতে এবং তাদের পাকড়াও করতে ইতিমধ্যেই পুলিশের ৮ থেকে ১০টি বিশেষ দল গঠন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ এবং ঘটনার ভাইরাল ভিডিও খতিয়ে দেখে তল্লাশি চলছে।
পুলিশের ওই শীর্ষ আধিকারিক আরও জানান, আক্রান্ত যুবকের বিরুদ্ধে গত বছর একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। হামলাকারীরা ধরা পড়লেই স্পষ্ট হবে গত বছরের সেই খুনের ঘটনার জেরেই এই হামলা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং আহত যুবকের শরীরের আঘাতের চিহ্ন পরীক্ষা করার পরই গুলি চলার বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্দার এবং গোটা ঘটনার পেছনে জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই কড়া আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।




