স্পোর্টস ডেস্ক: মাঠের লড়াইয়ে জিতেও খেতাব হারাতে হয়েছিল সেনেগালকে। প্রায় দশ মাসের আইনি টানাপড়েনের পরে শেষ পর্যন্ত ন্যায়বিচার পেল সাদিও মানের দেশ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন হিসাবে সেনেগালকেই স্বীকৃতি দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। মঙ্গলবার সিএএসের রায়ে বাতিল হয়ে গেল কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত। ফলে জানুয়ারিতে মরক্কোর বিরুদ্ধে ফাইনালে পাওয়া সেনেগালের ১-০ জয়ের ফলই বহাল থাকল।
১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে হয়েছিল ফাইনাল। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে মরক্কোকে পেনাল্টি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকার পরে তাঁরা ফিরে আসেন। পেনাল্টি থেকে গোল করতে পারেননি মরক্কোর ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে ১-০ জেতে সেনেগাল। কিন্তু ম্যাচের পর বিতর্ক থামেনি। মার্চে সিএএফের আপিল বোর্ড জানায়, মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে সেনেগাল ম্যাচে ওয়াকওভার দিয়েছে। সেই যুক্তিতে ১-০ জয় বাতিল করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন করে সেনেগাল ফুটবল ফেডারেশন। তাদের বক্তব্য ছিল, রেফারি জঁ-জাক এনদালা খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ম্যাচ শেষ পর্যন্ত খেলা হয়েছিল। ফলে মাঠের মধ্যে রেফারির নেওয়া সিদ্ধান্তকে পরে অন্যভাবে বিচার করা যায় না। অন্য দিকে, মরক্কোর ফুটবল ফেডারেশনের দাবি ছিল, সেনেগালের ফুটবলারদের মাঠ ছেড়ে চলে যাওয়া প্রতিযোগিতার ৮২ ও ৮৪ নম্বর নিয়মের লঙ্ঘন। তাই ম্যাচের ফল বাতিল হওয়াই উচিত ছিল।
সিএএসের তিন সদস্যের প্যানেল সেনেগালের আবেদন সর্বসম্মত ভাবে মঞ্জুর করেছে। তাদের মতে, খেলা ফের শুরু করার ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত তাঁর এক্তিয়ারের মধ্যেই ছিল। তিনি আইনের কোনও ভুল করেননি। প্রতিযোগিতার ৮২ ও ৮৪ নম্বর নিয়ম তখনই কার্যকর হতে পারে, যখন রেফারি ম্যাচ স্থায়ী ভাবে বন্ধ করে দেন। এখানে তা হয়নি। তাই সিএএফের আপিল বোর্ডের সিদ্ধান্ত খারিজ করে আগের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এই রায় মেনে নিতে রাজি নয় মরক্কো। তাদের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা আইনি পথে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে।




