নয়াদিল্লি: দিল্লির বাতাসে বিষ। শীতের শুরুতেই দূষণের চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী। বাতাসে ভাসছে অতি সূক্ষ্ম ধূলিকণা, যার প্রভাব পড়ছে ফুসফুস থেকে শুরু করে শরীরের নানা অঙ্গে। এ বার রাজধানীর সরকারি হাসপাতালগুলির তথ্য সামনে আসতেই উদ্বেগ আরও বাড়ল। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত দিল্লির তিনটি বড় সরকারি হাসপাতালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৬,৫৮১ জন। একই সময়ে চারটি হাসপাতাল মিলিয়ে এই রোগে মৃত্যুর সংখ্যা ৯১৩। চিকিৎসকদের একাংশের মতে, ধূমপান ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান কারণ হলেও দীর্ঘ দিন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে এই রোগের ঝুঁকি বাড়তে পারে।
তথ্যগুলি পাওয়া গিয়েছে পৃথক পৃথক তথ্যের অধিকার আইনের (আরটিআই) আবেদনের ভিত্তিতে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস), রাম মনোহর লোহিয়া হাসপাতাল (আরএমএল) এবং দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট (ডিএসসিআই)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে মোট ৬,৫৮১ জনের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে। তবে এই সংখ্যা দিল্লির সমস্ত ক্যানসার আক্রান্তের হিসাব নয়। শুধু ওই তিনটি হাসপাতালের নথিভুক্ত রোগীর সংখ্যা।
এই তালিকায় সবচেয়ে বেশি রোগীর সন্ধান মিলেছে এআইআইএমএসে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সেখানে ৪,৮৬০ জনের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে। ওই সময়ে ১৫৮ জনের মৃত্যুর খবরও নথিভুক্ত হয়েছে। অর্থাৎ, ওই হাসপাতালে গড়ে প্রতি মাসে প্রায় ৬৫ জনের এই রোগ শনাক্ত হয়েছে।
অন্য দিকে, দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১,৬১৩ জনের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা ৩৫৪। ওই হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৩৫১ জন মহিলা। ২০২১ সালে ২ জন শিশুর শরীরেও ফুসফুসের ক্যানসার ধরা পড়েছিল।
রাম মনোহর লোহিয়া হাসপাতালে একই সময়ে ১০৮ জনের ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জন মহিলা। সেখানে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে আসা রোগীরা শুধু দিল্লির বাসিন্দা নন। উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার এমনকি নেপাল থেকেও রোগীরা আসেন। ফলে এই পরিসংখ্যানকে দিল্লির বাসিন্দাদের মধ্যে ক্যানসারের প্রকৃত হার বলে ধরে নেওয়া যাবে না।
চার হাসপাতালে ৯১৩ জনের মৃত্যু
এআইআইএমএস, আরএমএল এবং দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটের পাশাপাশি সফদরজং হাসপাতালেও ফুসফুসের ক্যানসারে মৃত্যুর তথ্য চাওয়া হয়েছিল। সফদরজং হাসপাতাল মোট আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি। তবে ওই সময়ে ৩৯৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। চারটি হাসপাতালের দেওয়া তথ্য মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৩।
অর্থাৎ, নথিভুক্ত হিসাব অনুযায়ী, গড়ে প্রায় প্রতি তিন দিনে একজনের মৃত্যু হয়েছে। তবে এই পরিসংখ্যানের মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। হাসপাতালগুলি কত জন রোগী ধূমপান করতেন না, সেই তথ্য দেয়নি। ফলে ধূমপান, বায়ুদূষণ, পারিবারিক ইতিহাস বা অন্য কোনও কারণের সঙ্গে রোগের সম্পর্ক কতটা, তা শুধু এই পরিসংখ্যান থেকে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
কী ভাবে ফুসফুসে পৌঁছয় দূষণের বিষ?
দিল্লির বায়ুদূষণের অন্যতম বড় উপাদান পিএম ২.৫। এই ধূলিকণাগুলি এতটাই সূক্ষ্ম যে শ্বাস নেওয়ার সময় নাক ও শ্বাসনালির স্বাভাবিক প্রতিরোধ পেরিয়ে ফুসফুসের গভীরে পৌঁছে যেতে পারে। দীর্ঘ দিন এই ধরনের দূষিত বাতাসে শ্বাস নিলে ফুসফুসে প্রদাহ এবং কোষের ক্ষতি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের ক্ষতিকর প্রভাব ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে চিকিৎসকদের মত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) বাইরের বাতাসের দূষণ এবং বাতাসে থাকা কণাকে মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। অর্থাৎ, বায়ুদূষণ শুধু হাঁপানি, শ্বাসকষ্ট বা ফুসফুসের সংক্রমণের ঝুঁকিই বাড়ায় না, দীর্ঘমেয়াদে ক্যানসারের আশঙ্কার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে।
অ্যাপোলো আথেনা উইমেন্স ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক গীতা কাদায়াপ্রথের মতে, দিল্লির মতো শহরে দীর্ঘ দিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে পিএম ২.৫-এর মতো সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে ফুসফুসের গভীর অংশে পৌঁছে যায়। দীর্ঘমেয়াদি সংস্পর্শে কোষের ক্ষতি ও প্রদাহের মতো সমস্যা তৈরি হতে পারে।
তবে চিকিৎসকদের সতর্কবার্তা, দূষণকে ফুসফুসের ক্যানসারের একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক নয়। ধূমপান এখনও এই রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। পরোক্ষ ধূমপান, জিনগত পরিবর্তন এবং পারিবারিক ইতিহাসও গুরুত্বপূর্ণ। আবার ধূমপান করেন না, এমন মহিলাদের মধ্যেও ফুসফুসের ক্যানসার ধরা পড়ছে। তাঁদের ক্ষেত্রে দূষণ এবং জিনগত কারণের ভূমিকা থাকতে পারে বলে চিকিৎসকদের একাংশের ধারণা।
কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
ফুসফুসের ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনও উপসর্গ তৈরি করে না। ফলে রোগ ধরা পড়তে দেরি হয়। চিকিৎসকদের মতে, দীর্ঘ দিন কাশি না কমা, কাশির সঙ্গে রক্ত বেরোনো, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, গলার স্বর বদলে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া কিংবা বার বার বুকে সংক্রমণ হলে সতর্ক হওয়া প্রয়োজন। এই ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, ক্যানসার শনাক্ত হওয়ার সময় রোগ কতটা ছড়িয়েছে, তার উপর চিকিৎসার সাফল্য অনেকটাই নির্ভর করে। দেরিতে রোগ ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে যায়। তাই দীর্ঘস্থায়ী উপসর্গকে অবহেলা না করা, ধূমপান এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
দিল্লির হাসপাতালের এই পরিসংখ্যান এক দিকে যেমন ফুসফুসের ক্যানসারের বাড়তি বোঝার ছবি তুলে ধরছে, অন্য দিকে তেমনই বায়ুদূষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। তবে দূষণ কমানোই যে জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ, তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল।




