বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঢাকার প্রত্যর্পণের আবেদন থেকে আলাদা করে দেখছে নয়াদিল্লি। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রত্যর্পণের আবেদন নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও নাগরিক ভ্রমণের নথি নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে, সেটি প্রত্যর্পণের আবেদন থেকে পৃথক বিষয়।
জয়সওয়ালের কথায়, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনেই প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। কোনও নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে, তা প্রত্যর্পণের আবেদনের থেকে আলাদা বিষয়।’ তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার বিষয়।’
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন তিনি। দেশে ফেরার সুবিধার জন্য পাসপোর্ট-সহ প্রয়োজনীয় ভ্রমণ নথি এবং বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরার ব্যবস্থাও চেয়েছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। ঢাকার বক্তব্য, তাঁকে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছিল। অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।




