নিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত 31 জন। বুধবার ঘনবসতিপূর্ণ এলাকার কাছে একটি ব্যস্ত সড়কে জ্বালানিবোঝাই ট্রাক উল্টে যাওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রক।
https://x.com/shuyihealing/status/2125729001897590831?a=1u4aYM9J5bdnCQwk2Gc&s=20
প্রাথমিক খবর অনুযায়ী, কায়রোর আল-ওয়ারাক এলাকার কাছে রিং রোডে দুর্ঘটনাটি ঘটে। এই রাস্তা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। ফলে দিনের ব্যস্ত সময়ে সেখানে প্রচুর গাড়ির আনাগোনা থাকে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্বালানিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার পরেই ট্রাকটিতে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনেও। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মুহূর্তের মধ্যে আগুনের বিশাল শিখা আকাশ ছুঁতে শুরু করে। চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া।
সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের গাড়িগুলি কার্যত পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপ এবং ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও গাড়ির চালকেরা। অনেকেই দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন।
https://x.com/ChaudharyParvez/status/2125748320660578392?a=28fBq0uSfXz1epCCz8w&s=20
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসার কাজে মোট 39টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। আহত 15 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে কয়েকটি দেহ চেনার উপায় ছিল না। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। মিশরের সরকারি কৌঁসুলি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার পরেই স্বাস্থ্য মন্ত্রকের জরুরি সতর্কতা জারি করা হয়। স্বাস্থ্য মন্ত্রী খালেদ আবদেল গফ্ফার দুর্ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতাল পরিদর্শন করেন। অন্য দিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
https://x.com/MiddleEast_24/status/2125668289175040210?a=27O0rlcfiUQdSteky9w&s=20
সরকারের তরফে জানানো হয়েছে, জ্বালানি পরিবহণের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাবিধি অনুসরণ করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হবে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর ভবিষ্যতে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের নিয়মে কোনও পরিবর্তন প্রয়োজন কি না, তা বিবেচনা করা হবে।
মিশরে পথ দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ড নতুন ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে, ঘনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিত বসতি, দুর্বল পরিকাঠামো এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার সীমাবদ্ধতা বিপদের আশঙ্কা বাড়ায়। বহু এলাকায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ধোঁয়া শনাক্ত করার যন্ত্র কিংবা জরুরি নির্গমন পথের অভাব রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় 6,000 মানুষের মৃত্যু হয়েছিল। তার আগের বছরও মৃতের সংখ্যা ছিল 5,200-র বেশি। ফলে কায়রোর এই দুর্ঘটনা ফের এক বার সে দেশের সড়ক নিরাপত্তা ও জ্বালানি পরিবহণ ব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে এল।




