কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর আমেজ চারিদিকে। সেজে উঠেছে প্যান্ডেল গুলি। কোথাও শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আবার প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা। এর মাঝে বাধা হতে পারে আবহাওয়া। আর তাই পুজোয় আবহাওয়া নিয়ে চিন্তায় বঙ্গবাসী।
আপাতত স্বস্তির পূর্বাভাস দিলেও চতুর্থী থেকেই আবহাওয়ার মেজাজ বদলানোর ইঙ্গিত মিলছে। মঙ্গলবার তৃতীয়ায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টির আশঙ্কা কম থাকায় দিনের বেলায় রোদের দেখা মিলবে। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকলেও দুপুরের দিকে বাড়তে পারে গরমের অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমও ভোগাতে পারে সাধারণ মানুষকে। তবে দক্ষিণের কিছু জায়গায় মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে।
শহর কলকাতার আবহাওয়া অনুকূল থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতায়।শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়েই তৈরি হচ্ছে প্রশ্ন। বুধবার চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৪ ও ১৫ অক্টোবর কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে উত্তরে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জায়গায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে।
উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির সম্ভাবনা বাড়ায় পুজোর পরিকল্পনায় আসতে পারে সামান্য বদল। আকাশের মুখ ভার হলে উৎসবের আনন্দে যাতে ছেদ না পড়ে, তাই ছাতা সঙ্গে রাখাই ভালো হবে।