নিউজ ডেস্ক: সুপারস্টার দেবের পরিচয় শুধুমাত্র অভিনেতাতে সীমাবদ্ধ নেই। তাকে এখন পরিচালকের ভূমিকাতেও দেখা যাচ্ছে।
তাঁর পরিচালনায় আসন্ন ছবি ‘দেশু ৭’ (DESU 7)-এর ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। একযুগ পেরিয়ে পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ভক্তরা। ৮ অক্টোবর বৃহস্পতিবার কলকাতার বুকে জমকালো ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ‘দেশু টুর’। পরিচালক হিসেবে দেবের নতুন পথচলার সাক্ষী ছিলেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ও অগণিত ভক্তরা। জিতের হাত ধরে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ফিরল 'দুই পৃথিবী'র সেই নস্ট্যালজিক মুহূর্ত যা ভক্তরদের মধ্যে আজও উন্মাদনা তৈরি করে। তবে আউটডোর শুটে ব্যস্ত থাকার কারণে এই ছবির কোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চ্যাটার্জি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব নিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আপসোস করেছেন মেগাস্টচার দেব। কিন্তু দেবের এই নতুন পথচলায় শুভেচ্ছা জানাতে ভোলেননি ‘বুম্বাদা’।
প্রসেনজিৎ দূর থেকে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও দেবকে উদ্দেশ্য করে টিমের সকল সদস্যদের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, হাতে লেখা এক চিঠির মাধ্যমে। সেখানেই তিনি জানিয়েছেন, ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে না পারার কথা। পাশাপাশি পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা শুরু হচ্ছে সেই উদ্দেশ্যে তিনি তাঁর চিঠিতে দেবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। চিঠিতে লেখা, “স্নেহের দেব, তোমাদের DESU 7-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি। ছবিটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকো। আমার তরফ থেকে DESU 7-এর গোটা টিমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।” নেটিজেনরা কমেন্ট বক্সে প্রসেনজিতের এই ভূমিকার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ‘দেশু ৭’-এর হাত ধরেই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও একসাথে সামলেছেন দেব। ফলে অভিনেতা দেবকে এতদিন দেখার পর এবার তাঁর পরিচালনার দৃষ্টিভঙ্গি পর্দায় কীভাবে ফুটে ওঠে, তা নিয়ে অভিনেতার অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি হলে গিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শক।
