নিউজ ডেস্ক: একদিকে উন্নয়নের নতুন অধ্যায় অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা। একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই বিহারের বৈশালীতে শুরু হল নতুন বিতর্ক। প্রকাশ্যে রাজনৈতিক স্লোগান পাল্টাপাল্টি সমর্থনের ছবি এবং সরাসরি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একাধিক পোস্টার ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত ঘটনার জল গড়লো থানায়। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কি ঘটেছিল বিহারের বৈশালীতে?
ঘটনা সূত্রপাত গত ২১ নভেম্বর। বিহারের বৈশালী জেলায় গঙ্গার উপর নবনির্মিত 'নীতিশ সেতু'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাচ্চি দরগা থেকে বিদপুর পর্যন্ত বিস্তৃত ছয় লেনের এই সেতুর উদ্বোধন ঘিরে এলাকায় সাজানো হয়েছিল একাধিক তোরন, পোস্টার ও ব্যানার। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ অন্যান্য নেতাদের ছবি লাগানো হয়েছিল। অভিযোগ, উদ্বোধনের অনুষ্ঠান পরেই সেই পোস্টটার ও কাট আউট ছেড়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, রাঘোপুর এলাকায় আরজেডির পতাকা হাতে একদল যুবক ও কিশোর সেতুর উপরে লাগানো প্রধানমন্ত্রী ও এনডিএ নেতাদের ছবি দেওয়া পোস্টার ছিড়ে ফেলে বলে অভিযোগ উঠে। শুধুমাত্র তাই নয়, সেই সময় লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সমর্থনে স্লোগানও দেওয়া হয় বলে দাবি ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। রাঘোপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওর অভিযোগের ভিত্তিতে রুস্তমপুর থানায় এফ আই আর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এফআইআরে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১০০ জনের বেশি অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
হাজীপুরের মহকুমা শাসক বিশাল কুমার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রধানমন্ত্রীর ছবি দেওয়া সরকারি প্রচারের পোস্টার ছেড়ার অভিযোগে এই গ্রেফতারি ঘিরে বিহারের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ও ব্যানার ছেড়ার অভিযোগ অন্যদিকে, আরজেডি সমর্থকদের স্লোগান, সব মিলিয়ে নীতির সেতুর উদ্বোধনের পর রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় তৈরি হয়েছে বিহারের বৈশালীতে। তবে ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এখন এই ঘটনায় আরও কোনও গ্রেফতারি হয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।




