নিউজ ডেস্ক: ভারতীয় রেলের অন্যতম আকর্ষণ এখন বন্দে ভারত এক্সপ্রেস। ঝকঝকে আধুনিক কামরা, আরামদায়ক আসন এবং দুরন্ত গতির জন্য এই ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের নজর কেড়েছে। কিন্তু ট্রেনটিকে ভালো করে লক্ষ্য করলে একটি বিষয় চোখে পড়বে। অন্যান্য সাধারণ এক্সপ্রেস ট্রেনের মতো এর সামনে আলাদা কোনও ইঞ্জিন নেই। তাহলে প্রশ্ন, ইঞ্জিন ছাড়া কীভাবে ছুটছে বন্দে ভারত? এর পিছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।
আসলে বন্দে ভারত এক্সপ্রেসে প্রচলিত ইঞ্জিননির্ভর ব্যবস্থার পরিবর্তে ব্যবহার করা হয়েছে 'ডিস্ট্রিবিউটেড পাওয়ার সিস্টেম'। অর্থাৎ, ট্রেনের সামনের দিকে একটি ইঞ্জিন লাগানোর পরিবর্তে একাধিক কামরার মধ্যেই মোটর বসানো হয়েছে। ফলে গোটা ট্রেনটিই কার্যত একটি চলমান পাওয়ার ইউনিটের মতো কাজ করে।
রেলের প্রযুক্তিগত তথ্য অনুযায়ী, ১৬টি কামরার বন্দে ভারত ট্রেনের মধ্যে আটটি কামরায় রয়েছে বিশেষ ট্র্যাকশন মোটর। এই মোটরগুলিই ট্রেনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি জোগায়। ফলে আলাদা কোনও লোকোমোটিভের প্রয়োজন পড়ে না। কিন্তু বিদ্যুৎ আসে কোথা থেকে? বন্দে ভারত চলে বৈদ্যুতিক শক্তিতে।
রেললাইনের উপরে থাকা ওভারহেড তার থেকে প্যান্টোগ্রাফের মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করে ট্রেন। এরপর ট্রান্সফরমার ও কনভার্টারের সাহায্যে সেই বিদ্যুৎ মোটরগুলিতে পৌঁছয়। মোটর ঘুরতে শুরু করলেই চাকার মাধ্যমে এগিয়ে চলে ট্রেন। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত গতি বাড়ানো এবং কম সময়ে ট্রেন থামানো। সাধারণ ট্রেনে সামনের ইঞ্জিনকে গোটা রেক টেনে নিয়ে যেতে হয়।
কিন্তু বন্দে ভারতে বিভিন্ন কামরায় মোটর থাকায় শক্তি গোটা ট্রেনজুড়েই ছড়িয়ে পড়ে। ফলে দ্রুত গতিতে পৌঁছনো অনেক সহজ হয়।আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, বন্দে ভারতের দু'দিকেই রয়েছে চালকের কেবিন। ফলে কোনও স্টেশনে পৌঁছে ইঞ্জিন ঘোরানোর প্রয়োজন হয় না। চালক অন্য প্রান্তের কেবিনে বসেই বিপরীত দিকে ট্রেন চালাতে পারেন।
সব মিলিয়ে, বন্দে ভারত প্রমাণ করে দিয়েছে যে ট্রেন চালানোর জন্য সামনে আলাদা ইঞ্জিন থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। আধুনিক প্রযুক্তির সাহায্যে কামরার মধ্যেই শক্তির ব্যবস্থা করে ছুটতে পারে গোটা ট্রেন। আর এটাই বন্দে ভারত এক্সপ্রেসের গতির অন্যতম বড় রহস্য।




