নিউজ ডেস্ক:নেপালে ভয়াবহ বন্যায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। বুধবারের আকস্মিক ও বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে ৩৫৯ পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত দেশের আটটি জেলা থেকে এই মৃতদেহ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নেপাল পুলিশ। একইসঙ্গে বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ন কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, চিতওয়ানেই সর্বাধিক ১৩২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। পূর্ব নওয়ালপরাসিতে ৮২ জন ,ধাদিঙে ৩৩ জন, গোর্খায় ৩০ জন,নুয়াকোটে ২৮ জন,তানাহুনে ৩২ জন, পশ্চিম নওয়ালপরাসিতে ১৫ জন এবং রাসুয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
ভয়াবহ বন্যাস্রোতে একাধিক জনপদ, রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসুয়া-সহ বিস্তীর্ণ এলাকার বন্যার জল ত্রিশূলী ও নারায়নী নদী ব্যবস্থার দিকে নেমে গিয়ে ভাটির বিভিন্ন অঞ্চলেও বিপর্যয় তৈরি করেছে। কোথাও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, আবার কোথাও ধ্বংসস্তূপ ও কাদায় রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজদের সন্ধানের পাশাপাশি বন্যার ঝুঁকিতে থাকা পরিবারগুলিকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতেও স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে কাজ করছেন উদ্ধারকারীরা।
বন্যার জেরে নদীগুলির জলস্তর ও স্রোত নিয়ে নতুন করে সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যেই বহু পরিবার তাঁদের প্রিয়জনের খোঁজে হাসপাতাল ও উদ্ধার কেন্দ্রগুলিতে অপেক্ষা করছেন। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কার পাশাপাশি নিখোঁজদের উদ্ধার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে।