নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টি টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। ভারতের অন্যতম অভিজ্ঞ পেসারের এমন উপেক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, এই পরিস্থিতিতে সিরাজের পাশে দাঁড়ানো প্রয়োজন দলের সতীর্থদের। শুধু ক্রিকেটীয় পরামর্শ নয়, মানসিক সমর্থনও দরকার হায়দরাবাদের পেসারের। না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
অশ্বিনের বক্তব্য, কোনও ক্রিকেটারকে বারবার দল থেকে বাদ দেওয়া হলে তাঁর মনে হতাশা, ক্ষোভ কিংবা অভিমান তৈরি হওয়াটা স্বাভাবিক। সেই সময় তাঁকে বিচার না করে মন খুলে কথা বলার সুযোগ দেওয়া উচিত। নিজের ইউটিউব অনুষ্ঠান ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘আমি আশা করব, সবাই ওর প্রতি একটু সহানুভূতিশীল হবে। এমন পরিস্থিতিতে খুব খারাপ লাগে। স্বাভাবিক ভাবেই তখন অভিযোগ করার প্রবণতা তৈরি হয়।’
সিরাজের মনের কথা শোনার জন্য দলের মধ্যে এমন কাউকে প্রয়োজন, যাঁর কাছে নির্ভয়ে সব কথা বলতে পারবেন তিনি। অশ্বিনের মতে, এই কারণেই দলে মনোবিদের প্রয়োজন হয়। তিনি বলেন, ‘সিরাজের যদি নেতিবাচক চিন্তা আসে, তা হলে প্রথমে এমন কাউকে দরকার, যিনি ওর কথা শুনবেন। এই মুহূর্তে ও মনের কথা বলতে চাইবে, কিন্তু কাউকে বিশ্বাস করে সবটা বলতে পারবে কি না, সেটাই প্রশ্ন। কেউ ওর কথা শুনুন, ওর মানসিক অবস্থা বুঝুন। তার পর ওকে বলা যাবে, কোথায় উন্নতি করতে হবে—ফিটনেস, গতি না কি বোলিংয়ের ছন্দে।’
অশ্বিনের মতে, সিরাজের এমন একজন অভিভাবকসুলভ মানুষের প্রয়োজন, যিনি কোনও রকম বিচার না করে তাঁর কথা শুনবেন। ‘দলের মধ্যে এমন একজন বাবা বা মায়ের মতো মানুষ দরকার, যিনি ওর মনের কথা শুনবেন। তা হলে সিরাজকে ধরে রাখা সম্ভব হবে। ওর জন্য আমার সত্যিই খারাপ লাগছে। ওর সাহায্য প্রয়োজন,’ বলেন প্রাক্তন ভারতীয় স্পিনার।
দ্বিতীয় টেস্টে বাদ পড়ার পরেও সিরাজকে দলের সতীর্থদের সঙ্গে স্বাভাবিক থাকতে দেখা গিয়েছে। অভিষেক হওয়া গুরনূর ব্রারের সঙ্গে কথা বলেছেন, তাঁকে উৎসাহও দিয়েছেন। অশ্বিনের চোখে সেটাই সিরাজের পেশাদার মনোভাবের পরিচয়।নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সিরাজকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাখ্যায় অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন, বর্তমান ফর্মের ভিত্তিতেই দল নির্বাচন করা হয়েছে। কিন্তু অশ্বিন মনে করছেন, এমন সিদ্ধান্তের ধাক্কা সামলাতে সিরাজের পাশে দাঁড়ানো এখন অত্যন্ত জরুরি।




