কলকাতা ডার্বি মানেই আবেগ, উত্তেজনা আর মর্যাদার লড়াই। আইএসএলের মঞ্চে এই দ্বৈরথের গুরুত্ব যে কতটা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। রবিবার ২৯ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি এমজি আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। একদিকে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান, অন্যদিকে লিগে শহরের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দীর্ঘদিনের জয়খরা কাটানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল। ফলে দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব তিন পয়েন্টের চেয়েও অনেক বেশি।
এই ডার্বির সঙ্গে পরিচয় নতুন নয় আন্তোনিও লোপেজ হাবাসের। অতীতে একাধিকবার মোহনবাগানের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে সবুজ-মেরুনকে লিগ শিল্ডও জিতিয়েছিলেন। এ বার সেই হাবাসই ইস্টবেঙ্গলের ডাগআউটে। লক্ষ্য, আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে লাল-হলুদের দীর্ঘদিনের জয়খরা কাটানো। ডার্বির আগে চাপ সম্পর্কে প্রশ্ন করা হলে স্প্যানিশ কোচের জবাব, ‘‘ডার্বির আগে অনুভূতিটা অনেকটা দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার মতো।’’ তবে সেই চাপ যেন ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেটাই চান তিনি।
ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে মোহনবাগান। শেষ পাঁচটি ম্যাচেই জিতেছে তারা। অন্যদিকে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ইস্টবেঙ্গল। লিগে ১৪টি গোল করলেও শেষ কয়েকটি ম্যাচে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে লাল-হলুদ শিবিরে। চেন্নাইয়িন এফসির কাছে ৩-৫ গোলে হার এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ২-২ ড্র তার প্রমাণ। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জর্ডানের আল হুসেইনকে ১-০ গোলে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। জ্যাকসন সিংয়ের শেষ মুহূর্তের গোলে এসেছিল সেই জয়।
তবে একের পর এক ম্যাচের ধকল নিয়ে চিন্তিত হাবাস। অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া এবং জাতীয় দলের দায়িত্ব সামলে ফুটবলারদের ক্লাবে ফেরার সমস্যার কথাও জানিয়েছেন তিনি। ক্রিস্টোফার ইকোনোমিডিস এই ম্যাচে খেলতে পারবেন না। এডমন্ড লালরিন্দিকাও অনিশ্চিত। তবু পরিসংখ্যান বদলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ। তাঁর কথায়, ‘‘আমরা এই পরিসংখ্যান বদলাতে চাই।’’
অন্যদিকে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলম্পেরিসের লক্ষ্য ডার্বিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। তাঁর মতে, এই ধরনের ম্যাচে ফল নির্ধারিত হয় ছোট ছোট মুহূর্ত, মনঃসংযোগ এবং ফুটবলারদের মানসিকতার উপর। পরিসংখ্যানের প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘পরিসংখ্যান আমাদের পক্ষে। এ বার সেটাকে ১০ জয় ও ২ ড্র করতে হবে।’’
আইএসএলে এখনও পর্যন্ত দুই দলের ১১টি সাক্ষাতে ন'বার জিতেছে মোহনবাগান। বাকি দু'টি ম্যাচ ড্র হয়েছে। এই রেকর্ড আরও উন্নত করতে মরিয়া সবুজ-মেরুন। তবে সাম্প্রতিক ম্যাচগুলিতে গোল হজমের প্রবণতা কমাতে হবে তাদের। রক্ষণে ব্যক্তিগত ভুল এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া বন্ধ করার উপর জোর দিয়েছেন কোচ। সাহাল আব্দুল সামাদ ও মিগেল ফিগেইরার অনুপস্থিতিতে মাঝমাঠ ও আক্রমণ সাজানোও বড় চ্যালেঞ্জ। কোচের মতে, অনিরুদ্ধ থাপা ভারতের সেরা আট নম্বর ফুটবলার। তাঁর নেতৃত্বের উপরও ভরসা রাখছে দল।
ডার্বির আবেগ বোঝাতে মোহনবাগানের দেজান দ্রাজিচ বলেছেন, ‘‘এটা আবেগের, ভালোবাসার লড়াই। শেষ পর্যন্ত এই শহর একটাই জার্সি পরে ঘুম থেকে উঠবে।’’ তাঁর সংযোজন, ‘‘পরের দিন সকালে স্কুলে প্রতিটি শিশু সেই দলের জার্সি পরবে, যারা জিতবে।’’ রবিবার যুবভারতীতে কানায় কানায় ভরা গ্যালারির প্রত্যাশা। ইস্টবেঙ্গল কি মহাদেশীয় মঞ্চের জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ডার্বিতে নতুন ইতিহাস লিখবে, নাকি মোহনবাগান নিজেদের আধিপত্য আরও বাড়াবে? ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টায়। সরাসরি দেখা যাবে এমজি আইএসএলের ইউটিউব চ্যানেল এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কে।




