পুরুলিয়া, নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে প্রতিনিয়ত বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। কোনওভাবেই যেন এর রাশ টানা যাচ্ছে না। এবার খাদ্যপণ্যের দামে লাগাম টানতে বড়োসড় অভিযানে নামলো প্রশাসন। বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি করে কেউ মুনাফা না তুলতে পারে সেই কারণেই এই অভিযান বলে জানা গিয়েছে। পুরুলিয়া শহরের বড়হাট ও আশেপাশের এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ।
এইদিনের অভিযানে হাটের বিভিন্ন আনাজ ও সবজির দোকানে ঘুরে ঘুরে বাজারদর খতিয়ে দেখেন আধিকারিকরা। বিশেষ নজর ছিল আদা, রসুন, পেঁয়াজ-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় সবজির দামের উপর। সরকারি নির্দেশিকা অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কি না, কোথাও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। শুধু দাম নয়, খাদ্যসামগ্রীর গুণমান এবং বাজারে কৃত্রিম অভাব তৈরির কোনও চেষ্টা হচ্ছে কি না, সেদিকেও নজর রাখেন প্রশাসনের আধিকারিকরা।
শুধু নজরদারি নয়, পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন প্রশাসনের আধিকারিকেরা। তাদেরকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় যাতে কোনওভাবে কৃত্রিম সংকট তৈরি না করে। কোনওভাবেই যাতে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি না হয়। অযথা দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের সমস্যায় ফেলা না হয় তার জন্য তাদেরকে সতর্ক করা হয়।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, পাইকারি দরে জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকেও দাম বাড়াতে হয়েছে। প্রশাসন যদি পাইকার বিক্রেতাদের দিকেও নজর দেয় তাহলে তারাও ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করতে পারবেন।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। তাদের মতে, প্রশাসনের এই অভিযানের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। এতে তাদের পকেটে টান পড়বে না। প্রশাসন যদি এইভাবে অভিযান চালায় তাহলে দালালরা কোনওভাবেই গরিব ও অসহায় মানুষদের উপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিতে পারবে না।
সাধারণ মানুষের স্বার্থে পুরুলিয়া জেলার বিভিন্ন বাজারে আগামী দিনেও এমন নজরদারি ও অভিযান চলবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।