হুগলি, পিউ নন্দী: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশ পথে আরামবাগ, ঘাটাল ও সবং-এর বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পরিদর্শনই নয়, পাশাপাশি বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি এবং ত্রাণ পরিষেবার খোঁজ নেন তিনি।
মুখ্যমন্ত্রীর সফরের আগেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, সবং-এর বন্যায় প্রায় ৩ হাজার ২০০ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনকি মৃতদের পরিবারকেও দেওয়া হয় আর্থিক সহায়তা। শীঘ্রই দুর্গত মানুষের কাছে রেশন সামগ্রী, জল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন আরামবাগের সাংসদ মিতালী বাগ। ভোটের পরে তিনি কালিঘাট শিবির ছেড়ে এনসিপিআই তে যোগ দেন। যদিও তারপর থেকে তাকে খুব একটা দেখা যায় না। তবে এই দিন দুপুরে আরামবাগ মহাকুমা শাসকের দপ্তরে সাংসদকে ঢুকতে দেখা যায়। দীর্ঘদিন পর সরকারি প্রশাসনিক বৈঠকে তার উপস্থিতিতে রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই প্রশাসনিক বৈঠকে বন্যা পরিস্থিতি, ত্রাণ ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কী আলোচনা হয় এখন সেদিকেই নজর সকলের।